আন্তর্জাতিক ডেস্ক: সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে জার্মানিজুড়ে অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আনুমানিক ৫০ জন নারী-পুরুষ সরকার উৎখাতের ষড়যন্ত্রকারী গোষ্ঠীর সদস্য বলে ধারণা করা হচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, অতি-ডানপন্থী ও প্রাক্তন সামরিক ব্যক্তিত্বদের একটি দল পার্লামেন্ট ভবনে হামলা চালিয়ে ক্ষমতা দখলের পরিকল্পনা করেছিল।
রাজপুত্র হিসেবে উল্লেখ করা হেনরিখ নামের এক জার্মান এ পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বলে অভিযোগ করা হয়। ফেডারেল প্রসিকিউটরদের তথ্যমতে, ১১টি জার্মান স্টেটে অভিযান চালিয়ে ওই ২৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে নেতা রয়েছেন দুইজন। হেনরিখ ওই দুই নেতার মধ্যে একজন।
প্রতিবেদনে বলা হয়েছে, ষড়যন্ত্রকারীরা অনেকদিন ধরেই সহিংস আক্রমণ ও বর্ণবাদী ষড়যন্ত্র তত্ত্বের জন্য জার্মান পুলিশের নজরে ছিল। তারা আধুনিক জার্মান রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ারও বিরুদ্ধে। ষড়যন্ত্রকারীরা ‘রিখের নাগরিক’ শীর্ষক চরমপন্থি আন্দোলনে নতুন সদস্য যোগ করতে বলত।
জার্মানির ডিপিএ নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির বেশিরভাগ জায়গায় অভিযান চালানো হয়েছে। জার্মানি ছাড়াও অস্ট্রিয়া ও ইতালিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে বড় ধরনের সন্ত্রাসবিরোধী অভিযান চলছে উল্লেখ করে বিচারমন্ত্রী মার্কো বুশম্যান টুইটে বলেছেন, সাংবিধানিক সংস্থাগুলোতে সশস্ত্র হামলার পরিকল্পনা করা হয়েছিল।
ফেডারেল প্রসিকিউটর বলেছেন, গোষ্ঠীটি ২০২১ সালের নভেম্বর থেকে একটি সহিংস অভ্যুত্থানের পরিকল্পনা করছিল। তবে ফেডারেল প্রসিকিউটর অফিসের একজন মুখপাত্র বলেছেন, আমাদের কাছে এখনও এই গ্রুপের নাম নেই।
আমাদের কাগজ//টিএ


















