আন্তর্জাতিক ১৭ ডিসেম্বর, ২০২২ ১২:০৪

মালয়েশিয়ায় ভূমিধস: শিশুসহ নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর সংলগ্ন সেলাঙ্গর প্রদেশের একটি ক্যাম্পিং এলাকায় ভূমিধস থেকে ৫ শিশু ও ১২ নারীসহ মোট ২১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির দমকল ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সেলাঙ্গোর পাহাড়ি এলাকায় জনপ্রিয় ক্যাম্পিং এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে। রাজধানী কুয়ালালামপুর থেকে এলাকার দূরত্ব প্রায় ৫০ কি.মি। প্রতি বছর, নাগরিকদের কোলাহল ছাড়াই জীবনের স্বাদ নিতে সেলাঙ্গরে 'ফাদার্স অর্গানিক ফার্ম' নামক একটি জৈব খামারের মালিকানাধীন এক একর ক্যাম্পিং এলাকায় ক্যাম্প করার উদ্দেশ্যে অনেক লোক আসে। অনেকে আবার পরিবারের সদস্যদেরও নিয়ে আসেন।

সেলাঙ্গরের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, জৈব খামারসহ পুরো ক্যাম্পিং এলাকা ভূমিধসে প্রায় ১০০ ফুট গভীরে চাপা পড়েছে।

একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, "আমাদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় নারী ও শিশুসহ মোট ৯৪ জন ক্যাম্পিং সাইটে ছিলেন।" এখন পর্যন্ত তাদের মধ্যে ৬১ জনকে জীবিত এবং ২১ জনকে মৃত উদ্ধার করা হয়েছে। ১২ জন এখনও নিখোঁজ রয়েছে। আমাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

আমাদেরকাগজ/ইমরান