আন্তর্জাতিক ১৭ ডিসেম্বর, ২০২২ ১০:০৭

করোনায় আক্রান্ত থাইল্যান্ডের রাজা-রানি

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের রাজা ও রানী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এখন পর্যন্ত তাদের শরীরে হালকা লক্ষণ দেখা গেছে।

শনিবার থাই রয়্যাল প্যালেস থেকে এক বিবৃতিতে রাজা ও রানীর করোনা ভাইরাস সংক্রমণের এই তথ্য জানানো হয়।

রাজ প্রাসাদের একটি বিবৃতি অনুসারে, ডাক্তাররা রাজা মহা ভাজিরালংকর্ন (৭০) এবং রানী সুথিদাকে (৪৪) মেডিকেল সার্টিফিকেট দিয়েছেন। একই সঙ্গে তারা থাই রাজা-রাণীকে আপাতত রাজকীয় দায়িত্ব থেকে বিরত থাকার পরামর্শ দেন।

এর আগে, শুক্রবার এবং বৃহস্পতিবার, দম্পতি ব্যাংককের চুলালংকর্ন হাসপাতালে রাজকুমারী বজ্রকিতিয়াভা মাহিদালকে দেখতে যান। প্রিন্সেস বজ্রকিটিভা গত বুধবার একটি কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন।

পরে ৪৪ বছর বয়সী রাজকুমারীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে হেলিকপ্টারে করে ব্যাংককের চুলালংকর্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

থাইল্যান্ডের রোগ নিয়ন্ত্রণ বিভাগের তথ্য অনুযায়ী, সম্প্রতি ব্যাংকক এবং থাইল্যান্ডের অন্যান্য জনপ্রিয় পর্যটন কেন্দ্রে ওমিক্রন, অত্যন্ত সংক্রামক ধরনের করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। ২০২০ সালে জারি করা করোনা বিধিনিষেধ শিথিল করার পরে, পর্যটন কেন্দ্রগুলিতে ওমিক্রন দ্বারা আক্রান্ত মানুষের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

দেশটির সরকারী তথ্য অনুযায়ী, থাইল্যান্ডের মোট জনসংখ্যার ৮২ শতাংশ বা কমপক্ষে ৫৭ মিলিয়ন মানুষকে এ পর্যন্ত অন্তত একটি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে ৫ কোটি ৩৫ লাখ মানুষ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ এবং ৩ কোটি ৩৫ লাখ মানুষ তৃতীয় ডোজ পেয়েছেন। সূত্র: এপি।

আমাদেরকাগজ/এইচএম