আন্তর্জাতিক ২১ ডিসেম্বর, ২০২২ ০১:৫২

রক্ত দিয়ে ছবি আঁকেন ফিলিপাইনের এলিটো সিরকা

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ রক্তের আঁকা ছবি। শুনলেই যেন গাঁ শিউরে উঠবে যে কারও। অবিশ্বাস্য হলেও সত্যি, রক্ত দিয়ে ছবি আঁকেন ফিলিপাইন এই শিল্পী। তাও আবার নিজের রক্ত দিয়ে।

ঘটনা সূত্রে জানা যায়, কয়েক দশক ধরেই এ কাজ করছেন ফিলিপাইনের এলিটো সিরকা নামের এক শিল্পী। দরিদ্র পরিবারে জন্ম নেয়া এই শিল্পী রঙ-তুলির অভাবে হাতের কাছে যা পেতেন তাই দিয়ে ছবি আঁকতেন। পরে এ কাজে নিজের রক্ত ব্যবহার করা শুরু করেন তিনি।

শিল্পী জানান, তিনি ছোট থেকেই তীব্র দারিদ্র্যের মধ্যে বড় হয়েছেন। ছোটবেলায় ছবি আঁকার জন্য রং কেনার টাকা ছিল না তার কাছে। সেই সময়ে বিভিন্ন ভেষজ রং ও শাকসবজির রস থেকে পাওয়া রং ব্যবহার করতেন তিনি। যৌবনে পা দেওয়ার পর হঠাৎই এক দিন লাল রঙের বদলে নিজের রক্ত ব্যবহার করার কথা মাথায় আসে তার। যেমন ভাবা, তেমন কাজ। একবার ব্যবহার করে শিল্পী বুঝতে পারেন রক্তের রং সহজে মোছে না। রং হিসাবে রক্ত দারুণ কার্যকর।

সেই থেকে শুরু, এর পর যখনই তার হাত-পা কেটে যেত, তখন সেই রক্ত ব্যবহার করে ছবি আঁকতেন এলিতো। সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে এলিতো জানান, তিনি প্রতি তিন মাস অন্তর নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যান এবং রক্ত দেন। তবে সেই রক্ত দান করেন না তিনি। বরং তা একটি কুলারে সংরক্ষণ করে রাখেন নিজের স্টুডিওতে। ব্যবহার করেন প্রয়োজনমতো।

শিল্পীর দাবি, শিল্পকর্মগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কাছে। কারণ সেগুলো আক্ষরিক অর্থেই নিজের রক্ত দিয়ে তৈরি। তার জিনগত উপাদানও মিশে রয়েছে সেই ছবিগুলোতে। দীর্ঘদিন ধরে এই পদ্ধতিতে ছবি আঁকার পরে নতুন একটি লক্ষ্য স্থির করেছেন এলিতো। নতুন বছরে তিনি পৃথিবীর বৃহত্তম রক্তরঞ্জিত ছবি আঁকতে চান। তার জন্য ৩২৮ ফুট চওড়া একটি ক্যানভাসও তৈরি করেছেন শিল্পী। ২০২৩ সালে শিল্পীর সেই স্বপ্নপূরণ হয় কি না, সেটাই এখন দেখার।
 

আমাদের কাগজ/এম টি