আন্তর্জাতিক ২২ ডিসেম্বর, ২০২২ ০৬:১৪

ফিলিস্তিনি ফুটবলারকে গুলি করে হত্যা করল ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে আহমেদ দারাগমেহ নামে ২৩ বছর বয়সী এক ফুটবলার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের নাবলুসে জোসেফের মাজারে কিছু ইহুদিকে নিয়ে যাচ্ছিল। এ সময় ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। ফুটবলার আহমেদ দারাগমেহ গুরুতর আহত হয়ে পরে মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

আশেপাশের ভবনে বসবাসরত ফিলিস্তিনিরা সংঘর্ষের ভিডিও ধারণ করে। ওই ভিডিওগুলোতে গুলির শব্দ শোনা যায়।

নিহত ফুটবলার দারাগমেহ কাছের তুবাস শহরের বাসিন্দা। দারাঘমেহ ওয়েস্ট ব্যাঙ্ক প্রিমিয়ার লিগের ক্লাব থাকাফি তুলকারেমের হয়ে খেলতেন, ফিলিস্তিনি স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। জনপ্রিয় আরব ফুটবল ওয়েবসাইট কুরার দেওয়া তথ্য অনুযায়ী, দারাঘমেহ চলতি মৌসুমে তার দলের হয়ে সর্বোচ্চ ছয় গোল করেছেন।

দারাঘমেহ ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষে জড়িত ছিল কিনা তা নিশ্চিত করা হয়নি।

তবে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বিস্ফোরক ছোড়া হয়েছে। জবাবে সন্দেহভাজনদের লক্ষ্য করে গুলি চালানো হয়।

এদিকে, ইসরায়েলি বাহিনীর হাতে পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে এ বছর দেড় শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। 2006 সালের পর এটাই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। অন্যদিকে এ বছর ফিলিস্তিনি হামলায় ৩১ জন নিহত হয়েছে। সূত্র: আল জাজিরা।

আমাদেরকাগজ/এইচএম