আন্তর্জাতিক ২৩ ডিসেম্বর, ২০২২ ১১:১২

তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল

ছবি:সংগ্রহীত

ছবি:সংগ্রহীত

আমাদের কাগজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রে শক্তিশালী শীতকালীন ঝড়ের কারণে দুইদিনের মধ্যে ৪ হাজার ৪০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আসছে বড়দিন, ২৫ ডিসেম্বর। তাই ছুটি উপলক্ষে যুক্তরাষ্ট্রে বেড়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ব্যস্ততা। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট, ফ্লাইটওয়্যারের তথ্য বলছে, বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বাতিল করা হয়েছে ২ হাজার ৩৫০টি ফ্লাইট। শুক্রবার আরও ২ হাজার ১২০টি ফ্লাইট বাতিলে তালিকায় রয়েছে। এদিকে, যুক্তরাষ্ট্রের রেলপথ কর্তৃপক্ষ ডজনখানেক ট্রেন চলাচল বাতিল করেছে। এতে বড়দিনের ছুটিতে বাড়িতে যাওয়া লোকজনের ভ্রমণে বিঘ্ন ঘটছে।

এ ছাড়া বৃহস্পতিবার দেরিতে বিমানবন্দর ছেড়ে গেছে আরও ৮ হাজার ৪৫০টি ফ্লাইট। এসব ফ্লাইটের বেশিরভাগই পরিচালনা করে আমেরিকান এয়ারলাইনস, ইউনাইটেড এয়ারলাইনস এবং দক্ষিণ-পশ্চিম এয়ারলাইনস।

রেলপথে যাত্রীসেবা দেওয়া সংস্থা অ্যামট্র্যাক ক্রিসমাসের মধ্যে কয়েক ডজন ট্রেন বাতিল করেছে। এতে হাজার হাজার মানুষের ছুটির ভ্রমণ ব্যাহত হয়েছে।

বৃহস্পতিবার সাউথওয়েস্ট ৮৬৫টি ফ্লাইট বাতিল করেছে, যা এটির নির্ধারিত ফ্লাইটের প্রায় এক-পঞ্চমাংশ। এ ছাড়া ইতোমধ্যে শুক্রবারের আরও ৫৫০টি ফ্লাইট বাতিল করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, শীতের ঝড়টি মধ্য-পশ্চিমাঞ্চলে তুষারঝড়ের পরিস্থিতি সৃষ্টি করছে। এতে শিকাগো, ডেট্রয়েট ও মিনিয়াপলিস-সেন্ট পলে ভ্রমণ ব্যাপকভাবে ব্যাঘাত ঘটাবে বলে ধারণা করা হচ্ছে।

ফ্লাইটঅ্যায়ারের তথ্য অনুযায়ী, ৪ হাজার ৪০০টি ফ্লাইটের মধ্যে বৃহস্পতিবার ১৪০টি বাতিল করেছে ডেল্টা এয়ারলাইনস এবং শুক্রবার ৯০টি বাতিল করেছে তারা।

সংস্থাটি সতর্ক করে জানায়, শুক্রবার আরও ফ্লাইট বাতিল করার প্রয়োজন হবে। কারণ ঝড়টি ডেট্রয়েট ও উত্তর-পূর্বাঞ্চলে তাদের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে।

অ্যামট্র্যাক জানায়, আবহাওয়ার কারণে তারা ক্রিসমাসের মৌসুমে মধ্যপশ্চিমাঞ্চলে নির্ধারিত কয়েক ডজন ট্রেন যাত্রা বাতিল করছে। এরমধ্যে রয়েছে মিশিগান, ইলিনয় ও মিসৌরির ট্রেন এবং নিউ ইয়র্ক ও শিকাগোর মধ্যে চলা ট্রেন।

উল্লেখ্য, গত বছরের ছুটির এই সময়টিতে কর্মীদের মধ্যে কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে এয়ারলাইনগুলো হাজার হাজার ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছিল।

সূত্র : রয়টার্স, মিন্ট


আমাদের কাগজ/এম টি