আন্তর্জাতিক ২৪ ডিসেম্বর, ২০২২ ০৯:৩১

বিশ্বে একদিনে আক্রান্ত প্রায় ৫ লাখ

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ বিশ্বে করোনা মহামারিতে ২০২০ ও ’২১ সালের তুলনায় চলতি বছর ২০২২ সালে অনেকটাই কমে এসেছে এ রোগে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির হার।


শুক্রবার (২৩ ডিসেম্বর) বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১ হাজার ৩৩৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯০ হাজার ২৮১ জন। আগের দিনের তুলনায় সংক্রমণ কমেছে প্রায় ৪৭ হাজার ও প্রাণহানি কমেছে অর্ধশতাধিক। মহামারি শুরুর পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে জানা গেছে এসব তথ্য।

জানা যায়, শুক্রবার করোনায় বিশ্বজুড়ে দৈনিক আক্রান্ত-মৃত্যুর হিসেবে শীর্ষে ছিল জাপান; দেশটিতে এদিন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৩৩৬ জন এবং এ রোগে মারা গেছেন ৩১৫ জন।

জাপান ব্যতীত আরও যেসব দেশে এ দিন সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব হলো— যুক্তরাষ্ট্র ব্রাজিল (মৃত ২৮২ জন, নতুন আক্রান্ত ৭০ হাজার ৪১৫ জন), যুক্তরাষ্ট্র (মৃত ১৬৫ জন, নতুন আক্রান্ত ২৯ হাজার ৪২৪ জন),  ফ্রান্স (মৃত ১৫৮ জন, নতুন আক্রান্ত ৪৩ হাজার ৭৬৬ জন), দক্ষিণ কোরিয়া (মৃত ৫৬ জন, নতুন আক্রান্ত ৫২ হাজার ৯৮৭ জন) এবং রাশিয়া (মৃত ৫৭ জন, নতুন আক্রান্ত ৭ হাজার ৪০৯ জন)।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ৫ লাখ ৩১ হাজার ৪২২ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ৪ লাখ ৯২ হাজার ৮৭০ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৩৮ হাজার ৫৫২ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।

আমাদের কাগজ/এম টি