আন্তর্জাতিক ১৭ জানুয়ারি, ২০২৩ ১২:৫৪

ফুড ডেলিভারি দিতে গিয়ে তিনতলা থেকে ঝাঁপ, ডেলিভারি বয়ের মৃত্যু

আমাদের কাগজ ডেস্কঃ খাবার পৌঁছে দিতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে মাত্র ২৩ বছর বয়সী রিজওয়ানের। তিনি সুইগি ডেলিভারি বয় ছিলেন। গত ১১ জানুয়ারি হায়দরাবাদে খাবার দিতে গিয়ে গ্রাহকের পোষা কুকুরের তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে তিনতলা থেকে নীচে ঝাঁপ দিয়েছিলেন রিজওয়ান। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে গত শনিবার তাঁর মৃত্যু হয়। 

জানা গেছে, গত ১১ জানুয়ারি খাবার ডেলিভারি করতে গিয়ে গ্রাহকের কুকুরের তাড়া খেয়েছিলেন রিজওয়ান। ভয় পেয়ে দৌড় লাগান তিনি। সেই সময় তিনতলা থেকে নীচে পড়ে গিয়েছিলেন তিনি। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও আর বাঁচানো যায়নি। এই ঘটনায় পোষ্যের মালিকের বিরুদ্ধে মামলা রুজু করেছে বানজারা হিলস থানা। অভিযুক্ত কুকুরের মালিকের নাম শোভনা। তিনি লুম্বিনি রক ক্যাসেল অ্যাপার্টমেন্টের বাসিন্দা।

পুলিশ জানায়, রিজওয়ান গ্রাহকের দরজায় উপস্থিত হলে কুকুরটি তার ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় তিনি রেলিং ডিঙিয়ে লাফ দেওয়ার চেষ্টা করেন। তবে পা পিছলে নিচে পড়ে যান তিনি। এর জেরে মাথায় গুরুতর আঘাত পান রিজওয়ান। এরপর কুকুরের মালিক তাকে নিজাম ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ভর্তি করেন।

পোষা কুকুরটি একটি জার্মান শেফার্ড বলে জানা গেছে। 

মামলার তদন্ত কর্মকর্তা বলেন, রিজওয়ান গ্রাহকের কাছে পার্সেলটি নিয়ে গেলে কুকুরটি ফ্ল্যাট থেকে বেরিয়ে এসে তাকে ধাক্কা দেয়। কামড়ের ভয়ে প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন কিন্তু কুকুরটি তাকে তাড়া করলে তিনি ভবনের তৃতীয় তলা থেকে লাফ দেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় হাস পাতালে মৃত্যু হয় তার। 

বানজারা হিলস থানার পরিদর্শক নরেন্দ্র জানান, কুকুরের মালিক শোভনার বিরুদ্ধে মামলা হয়েছে। তবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পোষা কুকুর ফুড ডেলিভারি বয়ের পেছনে লেলিয়ে দেওয়া হয়েছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। 


আমাদের কাগজ/এমটি