আন্তর্জাতিক ১৯ জানুয়ারি, ২০২৩ ০৯:৩৬

ভাল্লুকের আক্রমণে মা-ছেলে নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আলাস্কায় মেরু ভাল্লুকের আক্রমণে মা ও তার এক বছর বয়সী শিশুর নিহত হয়েছে। আলাস্কায় এ জন্তুর দেখা মেলে, তবে বরফ ছেড়ে তারা লোকালয়ে সচরাচর আসে না। ফলে এ আক্রমণ বিরল বলেই মনে করা হচ্ছে। আলাস্কার ওয়েলস শহরে মঙ্গলবার (১৭ জানুয়ারি) এ ঘটনা ঘটে। খবর: আল জাজিরা।

জানা গেছে, লোকালয়ে আচমকা ঢুকে পড়ে বড় একটি মেরু ভাল্লুক। রাস্তায় সবার দিকে তেড়ে যাচ্ছিল এটি। হিংস্র জন্তুকে দেখে প্রাণভয়ে ছুটে পালাচ্ছিলেন বাসিন্দারা। এলাকায় রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। পরে স্থানীয় একটি স্কুলের সামনে এক মা ও তার শিশু ছেলেকে একা পেয়ে হামলা করে ভাল্লুকটি। আক্রমণে দু’জনেরই মৃত্যু হয়েছে।

ঘটনার পর তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। নিহতরা হলেন- সামার মায়োমিক ও তার ছেলে ক্লাইড অঙ্গটোয়াসরুক।

আলাস্কায় মেরু ভাল্লুকের এ হামলাকে গত ৩০ বছরের মধ্যে প্রথম বলা হচ্ছে। এর আগে সেখানে ১৯৯০ সালে মেরু ভাল্লুকের হানায় মৃত্যু হয়েছিল। আলাস্কার যে এলাকায় মঙ্গলবার মেরু ভালুকটি তাণ্ডব চালায়, সেখানে ১৫০ মানুষের বসবাস। উত্তর আমেরিকার একেবারে উত্তর প্রান্তের এ অংশে লোকবসতি একেবারেই কম।

এ বিষয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিশ্ব উষ্ণায়নের কারণে মেরু ভাল্লুক লোকালয়ে ঢুকে পড়ছে। সাধারণত তারা বরফের মাঝে থাকে। কমবয়সী পুরুষ ভাল্লুকগুলো মানুষকে আক্রমণ করে থাকে। তবে তা বেশ বিরল। খাবার না পেয়ে ভাল্লুকটি লোকালয়ে এসেছিল বলে ধারণা করা হচ্ছে।

আমাদেরকাগজ/ এইচকে