আমাদের কাগজ,আন্তর্জাতিক ডেস্কঃ সোমালিয়ায় মার্কিন বাহিনী স্পেশাল অপারেশন চালিয়ে গুরুত্বপূর্ণ আইএস নেতাকে হত্যা করেছে বলে জানিয়েছে আমেরিকা।বৃহস্পতিবার(২৬ জানুয়ারি) আমেরিকা প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এ দাবি করে। নিহত আইএসের আঞ্চলিক নেতা বিলাল আল সুদানি। বিলাল শুধু সোমালিয়া নয়, গোটা অঞ্চলে আইএস সংগঠনকে চালনা করতেন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। তিনি বলেন, দীর্ঘ পরিকল্পনার পর ওই অপারেশন চালানো হয়েছিল। উত্তর সোমালিয়ার একেবারে প্রান্তিক এক অঞ্চলে এই অপারেশন চালানো হয়।
সবশেষ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে এই অপারেশন চালানো হয়েছে। সূত্রের দাবি, পাহাড়ের গুহায় লুকিয়ে ছিল আল সুদানি। মার্কিন বাহিনী সেখানে পৌঁছানোর পর অন্তত ১০ আইএস যোদ্ধার সঙ্গে তাদের তুমুল লড়াই হয়। তাদের সবাইকে হত্যা করার পর সুদানিকে মারা হয়। অপারেশনে কোনো সাধারণ মানুষের মৃত্যু হয়নি। শুধু একজন মার্কিন সেনা আহত হয়েছেন।
কে এই বিলাল আল সুদানি
যুক্তরাষ্ট্রের দাবি, আইএস সংগঠনে যোগ দেওয়ার আগে আল কায়দার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল বিলাল। আল শাবাবে যোদ্ধাদের প্রশিক্ষণ এবং যোগদানের দায়িত্ব ছিল তার। পরে আল কায়দা ছেড়ে আইএস সংগঠনে যোগ দেয় সুদানি। আফ্রিকা এবং আফগানিস্তানের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে ছিল সে। এই গোটা অঞ্চলের অপারেশনের ফান্ড সে জোগাড় করতো।
সূত্র : ডয়চে ভেলে
আমাদের কাগজ/এমটি




















