আন্তর্জাতিক ৩০ জানুয়ারি, ২০২৩ ০২:৫২

দ্রব্যমূল্যে আগুন দাম,মিশরে বই বিক্রি হচ্ছে কিস্তিতে

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ আকাশচুম্বী মুদ্রাস্ফীতি মিশরে তাই আগুন দামে বিক্রি হচ্ছে দ্রব্যমূল্য। আগে কিস্তিতে গাড়ি বা ওয়াশিং মেশিনের মতো দামী জিনিস কিনে অভ্যস্ত মিশরীয়রা এবার কিস্তিতে বই কিনতে পারবেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশছোঁয়া হয়ে যাওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন প্রকাশকরা। খবর বিবিসির।

জানা যায়, দ্রব্যমূল্যের আগুন দাম হওয়াতে নাকানিচোবানি খেতে হচ্ছে মিশরের সাধারণ মানুষের। অনেকে খালি হাতে ফিরছেন বাজার থেকে।বাড়তি দ্রব্যমূল্যের কারণে বেশি ভোগান্তিতে মিশরের সাধারণ মানুষ। খাদ্যের মতো নিত্যপণ্যের সংস্থান কঠিন হয়ে পড়ায় খরচ কমিয়ে দিচ্ছেন সাধারণ মিশরীয়রা। তথ্য মতে টিকে থাকার লড়াই চলছে একপর্যায়। 

শুধু নিত্য বাজারে নয় অর্থনৈতিক এই পরিস্থিতির প্রভাব পড়ছে মিশরের প্রকাশনা শিল্পেও। গত এক বছরের ব্যবধানে সেখানে কাগজের দাম বেড়েছে দাঁড়িয়েছে চার গুণ। কাগজের দামের সাথে পাল্লা দিতে না পেরে সংক্ষিপ্ত আকারে বই লিখতে বাধ্য হচ্ছেন লেখকরাও।তারপরও পাঠকদের ধরে রাখা সম্ভব হচ্ছে না তাদের। মূল বই না কিনে পাঠকরা ঝুঁকছেন নকল বই কেনায়। এসব বই নিম্নমানের হলেও দামে সস্তা। এতে বিপাকে পড়েছেন দেশটির প্রকাশকরা।

এ পরিস্থিতিতে নিজেদের ব্যবসা টিকিয়ে রাখতে নিরুপায় হয়ে কিস্তিতে বই বিক্রির ঘোষণা দিয়েছে মিশরের প্রকাশকদের সংগঠন। 

যত দূর জানা যায়, এমন খবর প্রকাশের পর অনেকটা সস্তি মিলেছে অনেকের। এতে বই কিনতে মানুষকে উৎসাহ যোগাবে বলে আশা ব্যক্ত করেছেন অনেকে। 

কিস্তিতে বই কিনলে টাকা পরিশোধের জন্য নয় মাস সময় পাবেন ক্রেতারা। এ সময় তাদের সুদ দিতে হবে দেড় শতাংশ হারে। কিস্তিতে বই বিক্রির বিষয়টি মিসরের কঠিন অর্থনৈতিক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। 

আমাদের কাগজ/এমটি