আন্তর্জাতিক ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৫২

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত ৪৩শ’ ছাড়াল

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ  তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে উভয় দেশের ৪ হাজার ৩০০ জনেরও বেশি নিহত হয়েছে ও কয়েক হাজার মানুষ আহত হয়েছে।  

সোমবার ভোরে মানুষ যখন ঘুমাচ্ছিল, তখন ভূমিকম্পটি আঘাত হানে। প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ার কারণে জরুরি উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে।

তুরস্কে ৫ হাজার ৬০৬টি স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর মধ্যে বহুতল আবাসিক ভবনগুলো ছিল মানুষে পরিপূর্ণ। এ ছাড়া আলেপ্পোতে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর ক্ষতি হওয়ার পাশাপাশি কয়েক ডজন ভবন ধসের কথা জানিয়েছে সিরিয়া। 

হতাহতের সংখ্যা কতটা বাড়বে, তা এখনও ধারণা করা যাচ্ছে না। তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজে সহায়তা করতে বিমান পাঠানো হয়েছে। এ ছাড়া দেশটিতে ৪ মাত্রার সতর্কতা জারি করা হয়েছে। আন্তর্জাতিক জরুরি সহায়তার জন্য আহ্বান জানিয়েছে দেশটি।

দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এক বিবৃতিতে বলেন, ভূমিকম্পের পর শুরু করা কাজগুলো সমন্বয় করা হচ্ছে। এ ছাড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় অনুসন্ধান ও উদ্ধারকারী দল প্রেরণ করা হয়েছে। তবে আবহাওয়া প্রতিকূল থাকায় উদ্ধার কর্মীদের বেগ পেতে হচ্ছে।

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কীভাবে সহায়তা করা যায়, তা নিরূপণ করতে নির্দেশনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউএসএইড ও অন্য ফেডারেল দেশগুলোকে এ নির্দেশনা দিয়েছেন তিনি। 

৮৪ বছরের মধ্যে তুরস্ক এত শক্তিশালী ভূমিকম্প দেখেনি। সবশেষ ১৯৩৯ সালে উত্তর-পুর্ব তুরস্কে এমন ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। তখন প্রায় ৩০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। এ ছাড়া ১৯৯৯ সালে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর ইজমীতে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।

সূত্র : বিবিসি, আলজাজিরা, রয়টার্স, এএফপি


আমাদের কাগজ/এমটি