আন্তর্জাতিক ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:২৯

দুর্যোগে বিশ্বের পাশে দাঁড়ানো তুরস্কই আজ সাহায্যপ্রার্থী 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা মহামারীর পর এটাই সবচেয়ে বড় বিপর্যয় তুরস্কে। তুরস্কের দক্ষিণাঞ্চল এবং উত্তর-পশ্চিম সিরিয়ার বহু অংশ প্রবল ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে। উভয় দেশে প্রায় ৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে, ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা ক্যাথরিন স্মলউড বলেন, ভূমিকম্পের কারণে বহু মানুষ তাদের বাড়িঘর হারিয়েছে। তাদের থাকার কোন জায়গা নেই। তুষারপাতের কারণে তীব্র ঠান্ডায় তাদের জন্য বিপদ আরও বাড়বে। খবর এএফপির 

এদিকে বিশ্বের যেকোনও প্রান্তে দুর্যোগ দেখা দিলে দুহাত বাড়িয়ে দেয় মুসলিম বিশ্বের অন্যতম শক্তিধর ও প্রভাবশালী দেশ তুরস্ক। দীর্ঘ ৮৪ বছর পর দেশটি আবারও ভয়াবহ ভূমিকম্পের শিকার হয়েছে। হাজার হাজার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন হাজার হাজার মানুষ। দুর্যোগে বিশ্বের পাশে দাঁড়ানো তুরস্কই আজ আন্তর্জাতিক সাহায্য প্রার্থনা করেছে। 

বিবিসির খবরে বলা হয়েছে, তুরস্ক এবং সিরিয়া - দুটি দেশেই হাজার হাজার ভবন ধসে পড়েছে। বারো তলা বিল্ডিংও মাটির সঙ্গে মিশে গেছে, রাস্তা ধসে গেছে। চোখ যতদূর যায় ততদূর পর্যন্ত শুধু ধ্বংসস্তুপের পাহাড় দেখা যাচ্ছে। ভয়াবহ ভূমিকম্পে ধ্বংস্তুপে পরিণত হয়েছে তুরস্ক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা। ধসে পড়েছে হাজার হাজার ভবন। ক্ষণে ক্ষণে উদ্ধার করা হচ্ছে মৃতদেহ ও আহতদের। নিহতের সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে।

তুরস্কের দুর্যোগ এবং জরুরী ব্যবস্থাপনা প্রেসিডেন্সি (এএফএডি) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ভোররাতে ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। যদিও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮। এরপর অন্তত ৭৮টি আফটারশক হয়েছে। এএফএডি জানিয়েছে, স্থানীয় সময় দুপুরে তুরস্কের কেন্দ্রীয় অঞ্চলে আবারও ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

লিবিয়া থেকে সোমালিয়া, আফগানিস্তান থেকে কাতার, পাকিস্তান থেকে ইউক্রেন- বিশ্বের বিভিন্ন দেশের বড় দুর্যোগ তুরস্কের হাত বাড়িয়ে দেওয়ার ঘটনা নতুন নয়। সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পের শিকার হয় আফগানিস্তান। তালেবান শাসিত আফগানিস্তানে তাৎক্ষণিক বিমানে করে সাহায্য পাঠায় এরদোয়ান প্রশাসন।

পাকিস্তান ও আফগানিস্তানের ভয়াবহ বন্যায় উদ্ধারকারী, জরুরি ওষুধ ও খাদ্যপণ্যসহ নানা জিনিস নিয়ে পৌঁছে যায় তুরস্ক। পাকিস্তানের বেলুচিস্তানের এক অজপাড়া গাঁয়েও পৌঁছে যান তুরস্কের রেড ক্রিসেন্ট কর্মীরা।


প্রতিবেশী চার দেশের নিষেধাজ্ঞায় যখন অথই সাগরে পড়েছিল কাতার, তখন তাদেরকে একাই টেনে তুলেছিল তুরস্ক।

উল্লেখ্য,মিনিটে মিনিটে বাড়ছে মৃত্যু। উদ্ধার হচ্ছে মৃতদেহ। অনেক পরিবারে কেউ বেঁচে নেই। এমন মহাদুর্যোগ কাটিয়ে ওঠার শক্তি পাক তুরস্ক।

আমাদের কাগজ/এমটি