আন্তর্জাতিক ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০২:২৯

রোহিঙ্গা ক্যাম্পে বেলজিয়াম রানি 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বেলজিয়ামের রানি ম্যাথিল্ডে ম্যারি ক্রিস্টিন। মঙ্গলবার (৭ ফ্রেবুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান তিনি। এর আগে একই দিন সকাল ১০টার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রানি। এ সময় বিমানবন্দরে রানিকে অভ্যর্থনা জানান জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান, কক্সবাজার জেলা পুলিশের পুলিশ সুপার মাহফুজুর রহমানসহ ঢাকাস্থ তুর্কি দূতাবাসের কর্মকর্তারা।

জানা গেছে, মঙ্গলবার সকালে প্রথমে তিন নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত একটি শিক্ষাকেন্দ্র পরিদর্শন করছেন বেলজিয়ামের রানি ম্যাথিল্ডে। এরপর রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলবেন তিনি। এ ছাড়াও ক্যাম্পে বর্জ্য ব্যবস্থাপনাসহ নানা কার্যক্রম পরিদর্শন ও বিভিন্ন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন রানি। এদিকে বেলজিয়ামের রানির সঙ্গে রয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল।

উল্লেখ্য, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) দূত হিসেবে বাংলাদেশ সফরে এসেছেন বেলজিয়ামের রানি। এর আগে গত ৩০ জানুয়ারি জারি করা প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে রানি আসার কথা জানানো হয়। ওই প্রজ্ঞাপনে রানিকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। সফর শেষে আগামীকাল ৮ ফেব্রুয়ারি নিজ দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে রানির।

‘বেলজিয়ামের রানি মাথিল্ডে দিনব্যাপী সফরে শরণার্থী শিবিরে জাতিসংঘের কার্যক্রমের পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনযাপন, শিক্ষা কার্যক্রম পরিদর্শন করবেন এবং রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় করবেন। 

আমাদের কাগজ/এমটি