আন্তর্জাতিক ডেস্কঃ করোনা মহামারীর পর এটিই সবচেয়ে বড় বিপর্যয় তুরস্কে। তুরস্কের দক্ষিণাঞ্চল এবং উত্তর-পশ্চিম সিরিয়ার বহু অংশ প্রবল ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে। ভূমিকম্পে ৪ হাজার ৯০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং হাজার হাজার ভবন বিধ্বস্ত হয়েছে। ধ্বংসস্তূপে আটকেপড়াদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
তুরস্কে ৫ হাজার ৬০৬টি স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর মধ্যে বহুতল আবাসিক ভবনগুলো ছিল মানুষে পরিপূর্ণ। এ ছাড়া আলেপ্পোতে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর ক্ষতি হওয়ার পাশাপাশি কয়েক ডজন ভবন ধসের কথা জানিয়েছে সিরিয়া।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে, ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা ক্যাথরিন স্মলউড বলেন, ভূমিকম্পের কারণে বহু মানুষ তাদের বাড়িঘর হারিয়েছে। তাদের থাকার কোন জায়গা নেই। তুষারপাতের কারণে তীব্র ঠান্ডায় তাদের জন্য বিপদ আরও বাড়বে। খবর এএফপির
এদিকে বিশ্বের যেকোনও প্রান্তে দুর্যোগ দেখা দিলে দুহাত বাড়িয়ে দেয় মুসলিম বিশ্বের অন্যতম শক্তিধর ও প্রভাবশালী দেশ তুরস্ক। দীর্ঘ ৮৪ বছর পর দেশটি আবারও ভয়াবহ ভূমিকম্পের শিকার হয়েছে। হাজার হাজার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন হাজার হাজার মানুষ। দুর্যোগে বিশ্বের পাশে দাঁড়ানো তুরস্কই আজ আন্তর্জাতিক সাহায্য প্রার্থনা করেছে।
আমাদের কাগজ/এমটি


















