আন্তর্জাতিক ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০৪:১৮

তুরস্কে উদ্ধারকারী দল পাঠাবে বাংলাদেশ

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ  তুরস্কের দক্ষিণাঞ্চল এবং উত্তর-পশ্চিম সিরিয়ার বহু অংশ প্রবল ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে। তুরস্কে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ঘটনায় উদ্ধার তৎপরতা চালাতে ১০ সদস্যের উদ্ধারকারী দল পাঠাবে বাংলাদেশ।মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যকে ক্ষুদেবার্তার (এসএমএস) মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।

রাষ্ট্রদূত বলেন, তুরস্ককে সহায়তা করতে চেয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার অথবা বুধবার উদ্ধারকারী দল পাঠাতে পারে তারা।

প্রসঙ্গত, বিশ্বের যেকোনও প্রান্তে দুর্যোগ দেখা দিলে দুহাত বাড়িয়ে দেয় মুসলিম বিশ্বের অন্যতম শক্তিধর ও প্রভাবশালী দেশ তুরস্ক। দীর্ঘ ৮৪ বছর পর দেশটি আবারও ভয়াবহ ভূমিকম্পের শিকার হয়েছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ থেকে আনুমানিক ১০ জনের উদ্ধারকারী দল পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে এই দলে কয়েকজন সেনা ও ফায়ার সার্ভিসের সদস্য রয়েছেন। তারা বুধবার বিমানবাহিনীর একটি বিমানে করে রওনা হবেন।এই দলের সঙ্গে সরঞ্জাম, উপকরণ ও চিকিৎসাসামগ্রী পাঠানোর বিষয়ে কাজ করা হচ্ছে বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা।

তুরস্ক ও সিরিয়ায় সোমবারের বড় ধরনের ভূমিকম্পে ৪ হাজার ৯০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং হাজার হাজার ভবন বিধ্বস্ত হয়েছে। ধ্বংসস্তূপে আটকেপড়াদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। মিনিটে মিনিটে বাড়ছে মৃত্যু। উদ্ধার হচ্ছে মৃতদেহ। অনেক পরিবারে কেউ বেঁচে নেই। এমন মহাদুর্যোগ কাটিয়ে ওঠার শক্তি পাক তুরস্ক।

আমাদের কাগজ/এমটি