আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ক-সিরিয়ায় সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়া ভবনের নিচ থেকে এক নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে শিশুটির মা মারা যান। মর্মস্পর্শী এই ঘটনাটি ঘটেছে সিরিয়ার আলেপ্পো শহরে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার ফেসবুক পেজে নবজাতকটি উদ্ধারের ভিডিওটি প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, এক উদ্ধারকারী শিশুটিকে হাতে নিয়ে দৌড়াচ্ছেন। নবজাতকটিকে ঢাকতে অপর এক উদ্ধারকারী একটি চাদর ছুড়ে দেন। তবে শিশুটি বেঁচে রয়েছে কি না তা জানা যায়নি।
জানা গেছে, সিরিয়ার আলেপ্পো অঞ্চলের জিন্দায়ারেস শহরের ধ্বংসস্তূপে শিশুটির জন্ম হয়েছে। তবে মাসহ পরিবারের আর কেউ বেঁচে নেই।
এছাড়া সিরিয়ার সারমাদা এলাকায় ধ্বংসস্তূপ থেকে আরেক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় ২০ ঘণ্টা আটকে থাকার পর তাকে উদ্ধার করা হয়।
আমাদেরকাগজ/এইচএম






















