আমাদের কাগজ ডেস্কঃ তুরস্ক-সিরিয়ার বিধ্বংসী ভূমিকম্পের নিহতের সংখ্যা বেড়েই চলেছে। শুক্রবার, ১০ ফেব্রুয়ারি সন্ধ্যার পর দেখা গেছে, দেশ দুইটিতে মৃতের সংখ্যা ২২ হাজার ছাড়িয়ে গেছে। ঘটনার চারদিন পরও ধ্বংসস্তূপে চাপা পড়া লোকজনকে উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। হাত গুঁটিয়ে নেই বাংলাদেশও। ভূমিকম্পে কবলিত তুরস্কে এক কিশোরীকে জীবিত এবং তিন জনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল। গত কাল শুক্রবার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল তুরস্কে উদ্ধারকাজ শুরু করেছে। ইতোমধ্যে তারা ১৭ বছরের একজন জীবিত বালিকাসহ তিনজনের মৃতদেহ উদ্ধার করেছেন।
উল্লেখ্য, এর আগে বুধবার ৮ ফেব্রুয়ারি রাত ১০টায় সম্মিলিত উদ্ধারকারী দল বাংলাদেশ থেকে তুরস্কে যাত্রা শুরু করে। উড়োজাহাজে প্রায় ২৪ ঘণ্টা যাত্রা শেষে বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি রাতে তুরস্কের আদানা মিলিটারি এয়ার বেইস-এ পৌঁছায়। সেখান থেকে তারা আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার কাজ শুরু করেন।
আমাদের কাগজ/এমটি


















