আমাদের কাগজ ডেস্কঃ তুরস্কে আতকে ওঠা ভূমিকম্পের ১২০ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে তিন ভাইকে উদ্ধার করা হয়েছে। পাঁচতলা ভবনের নিচ থেকে তাদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটি সংবাদমাধ্যম টিআরটি। শনিবার (১১ ফেব্রুয়ারি) বরাদ দিয়ে সিএনএন এ তথ্য নিশ্চিত করেছে। তৃতীয় ভাইয়ের উদ্ধারের ভিডিও টিআরটি ওয়ার্ল্ডে দেখানো হয়। উদ্ধারের পর থার্মাল কাগজে পেচিয়ে শিশুটিকে হাসপাতালে নিতে দেখা যায়। হাসপাতালে তাদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
প্রতিবেদনে বলা হয়, তুরস্কের হাতায়ে প্রদেশের প্রধান শহর আন্তাকিয়ায় উদ্ধারকারী একটি দল ৯ ঘণ্টা ধরে উদ্ধার কাজ চালাচ্ছিল। এ সময় উদ্ধারকারীরা একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলা খনন করার সময় ওই তিন ভাইয়ের সন্ধান পায়। পরে একে একে তাদের উদ্ধার করা হয়।এর আগে, গত ৬ ফেব্রুয়ারি ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প এবং পরে আরও অনেকগুলো আফটারশক হয়।
ভয়াবহ এই ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্কের ২০ হাজার ২১৩ এবং সিরিয়ায় ৩ হাজার ৫০০ জনের মৃত্যু হয়েছে। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।
সময় যত গড়াচ্ছে ততই ক্ষীণ হয়ে আসছে ধ্বংসস্তূপে আটকে থাকাদের জীবিত উদ্ধারের আশা।তারপরও উদ্ধারকারীরা জীবিতদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
জাতিসংঘ বলছে, ভূমিকম্পে সিরিয়ায় ৫৩ লাখ মানুষ গৃহহীন হতে পারে। তুরস্ক ও সিরিয়ায় বর্তমানে প্রায় ৯ লাখ মানুষের রান্না করা খাবারের প্রয়োজন।
আমাদের কাগজ/এমটি




















