আন্তর্জাতিক ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ০৩:১৬

পরিচয় গোপন রেখে তুরস্কে ৩১৪ কোটি টাকা দান, প্রশংসায় ভাসছেন পাকিস্তান  

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ তুরস্ক ও সিরিয়ার বিপর্যয় কাটেনি এখনও। প্রতি মিনিটে মিলছে নিখোঁজ লাশ । এবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশ তুরস্ক ও সিরিয়ার জন্য ৩০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩১৪ কোটি টাকা) দান করেছেন এক পাকিস্তানি। তবে যে বা যিনি এই দানটি করেছেন তিনি নাম-পরিচয় গোপন রেখেছেন বলে জানা গিয়েছে। 

মার্কিন যুক্তরাষ্ট্রের তুর্কি দূতাবাসে গিয়ে তিনি এই পরিমাণ অর্থ দান করেছেন বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এক টুইটবার্তায় তিনি এমন তথ্য জানিয়েছেন।

শাহবাজ শরিফ টুইটবার্তায় বলেন, একজন অপরিচিত পাকিস্তানির উদাহরণ দেখে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছি। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে তুর্কি দূতাবাসে প্রবেশ করেছিলেন এবং তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৩০ মিলিয়ন মার্কিন ডলার দান করেছেন। এগুলো পরোপকারের এমন মহিমান্বিত কাজ যা মানবতাকে আপাতদৃষ্টিতে অদম্য প্রতিকূলতার বিরুদ্ধে জয়লাভ করতে সক্ষম করে।

এরই মধ্যে তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে তাদের পাশে দাঁড়িয়েছে বিশ্ব। ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কে ত্রাণের আরেকটি ব্যাচ পাঠিয়েছে পাকিস্তান। দক্ষিণ তুরস্কের ক্ষতিগ্রস্তদের জন্য পাঠানো ত্রাণের পরের ব্যাচের বিমানটি শুক্রবার তুরস্কে পৌঁছয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, শাহবাজ শরিফ ব্যক্তিগতভাবে তাঁবু, খাবার এবং কম্বলসহ ১০০ টন ত্রাণ সামগ্রী বোঝাই বিশেষ বিমানটিকে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঠিয়েছেন। 

এ সময় শাহবাজ শরিফ বলেন, সরকার এবং পাকিস্তানের ২২০ মিলিয়ন মানুষ এই কঠিন সময়ে তাদের তুর্কি ভাই ও বোনদের পাশে দাঁড়িয়েছে।


আমাদের কাগজ/এমটি