আন্তর্জাতিক ডেস্কঃ ঘড়ির কাটার সাথে তাল মিলিয়ে বাড়ছে লাশের সংখ্যা । তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৯ হাজার ছাড়িয়েছে। বাংলাদেশ সময় রোরবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
এদিকে ভয়াবহ এই ভূমিকম্পে এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। এর আগে, স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। উদ্ধারকারীরা জীবিতদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভূমিকম্পের ছয় দিন পরও অলৌকিকভাবে বেঁচে থাকাদের সন্ধান পাচ্ছেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন উদ্ধারকারী বলেছেন, খাদ্য সরবরাহ কমে যাওয়ায় নিরাপত্তা আরও খারাপ হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় লুটপাটের অভিযোগে প্রায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি বন্দুক জব্দ করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।
উল্লেখ্য, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ২৯ হাজার ১১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তুরস্কের ২৪ হাজার ৬১৭ এবং সিরিয়ায় ৪ হাজার ৫০০ জন।
জাতিসংঘ বলছে, ভূমিকম্পের পরে সিরিয়ায় ৫৩ লাখ মানুষ গৃহহীন হতে পারে। তুরস্ক ও সিরিয়ায় প্রায় ৯ লাখ মানুষের জন্য জরুরি খাবারের প্রয়োজন।
আমাদের কাগজ/এমটি



















