আন্তর্জাতিক ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০৬:১০

লিভ ইন পার্টনারকে হত্যা, প্রেমিক আটক

অনলাইন ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে মেঘা (৩৭) নামের এক নার্সকে খুন করে বক্স খাটের নিচ থেকে লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার, ১৫ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। এ ঘটনায় হার্দিক শাহ (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মেঘা ও হার্দিক লিভ ইন রিলেশনশিপে ছিলেন।

মুম্বাই পুলিশ জানিয়েছে, হার্দিক ও মেঘা মুম্বাইয়ের কাছে একটি ভাড়া বাড়িতে থাকতেন। তারা স্বামী-স্ত্রী পরিচয়ে বাড়িটি ভাড়া নিয়েছিলেন। প্রেমিক বেকার থাকায় মেঘা বাড়ির খরচ চালাতেন। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হত। প্রতিবেশীরা তাদের ঘন ঘন ঝগড়ার বিষয়টি নিশ্চিত করেছে।

হার্দিক ও মেঘার প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন । লিভ ইনে ছিলেন ছয় মাস ধরে। জানা গেছে, মেঘার লাশ পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল। সেই গন্ধ পেয়েই প্রতিবেশীরা খবর দেয় পুলিশকে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই মেঘাকে খুন করা হয়েছে।

প্রেমিক হার্দিক প্রেমিকাকে হত্যার পর ঘরের মূল্যবান কিছু জিনিসপত্র বিক্রি করেন। বেশ কিছু টাকা নিয়ে মুম্বাই ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন তিনি। খবর পেয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। পরে মধ্যপ্রদেশের পালঘর জেলার নাগদায় রেল পুলিশের হাতে ধরা পড়েন হার্দিক। 

আমাদেরকাগজ/ এইচকে