আমাদের কাগজ ডেস্কঃ সবশেষ এবার ভূমিকম্পে কেঁপে উঠল তাজিকিস্তান। শক্তিশালী এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭.২। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বার্তাসংস্থা রয়টার্স।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ক্ষয় ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে প্রতিবেদন অনুযায়ী, চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রের বরাত দিয়ে বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি তাজিকিস্তানে ভূমিকম্পের এই তথ্য সামনে এনেছে।
চীনা এই রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তাজিকিস্তানে সকাল ৮টা ৩৭ মিনিটে প্রায় ৭.২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে।
সিসিটিভি আরও জানিয়েছে, ভূমিকেন্দ্রটির কেন্দ্রস্থল ছিল চীনের নিকটতম সীমান্ত থেকে প্রায় ৮২ কিলোমিটার দূরে এবং জিনজিয়াং অঞ্চলের পশ্চিমাঞ্চলের কাশগড় ও আর্টাক্সে তীব্রভাবে কম্পন অনুভূত হয়েছে।
এদিকে, বার্তাসংস্থা এপির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট বলছে, বৃহস্পতিবার সকালে তাজিকিস্তানে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। সংবাদমাধ্যমটি বলছে, চীনের সুদূর পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলের কাছে বৃহস্পতিবার সকালে তাজিকিস্তান ৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তাজিকিস্তানের মুরঘোব থেকে ৬৭ কিলোমিটার (৪১ মাইল) পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার (১২ মাইল) গভীরে। এই এলাকাটিকে প্রত্যন্ত এবং কম জনবহুল বলে উল্লেখ করেছে ওয়াশিংটন পোস্ট।
আমাদের কাগজ/এমটি


















