আমাদের কাগজ ডেস্কঃ চীনের কয়লা খনি ধসে প্রাণহানি সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৪৭ শ্রমিক। এর আগে গত বুধবার মঙ্গোলিয়ায় স্থানীয় সময় দুপুর একটার দিকে খনিতে ধসের ঘটনা ঘটে।
এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) গুরুতর আহত অবস্থায় ৬ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। স্থানীয় হাসপাতালেই তাদের চিকিৎসা চলছে। বাকিদের সন্ধানে চলছে তল্লাশি অভিযান। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
উদ্ধার অভিযান শুরু হলে ওই দিন বিকেল সোয়া ৫টার দিকে আবারও খনিতে দ্বিতীয়দফা ধসের ঘটনা ঘটে। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নির্দেশে ঘটনাস্থলে কাজ করছে ১৯টি দলের প্রায় এক হাজার উদ্ধারকর্মী। তাদের সাথে রয়েছে দেড় শতাধিক বুলডোজার ও ভারী উদ্ধার সরঞ্জাম।
প্রসঙ্গত, বিধিমালা লঙ্ঘনের দায়ে গতবছরও এই খনির মালিক প্রতিষ্ঠানকে জরিমানা গুণতে হয়েছিল। কাজের পরিবেশ নিশ্চিতে কড়াকড়ি না থাকায় চীনের খনিগুলোয় নিয়মিতই দুর্ঘটনা ঘটে।
দুর্বল নিরাপত্তা ব্যবস্থার অধীনে থাকা চীনের খনিগুলোয় মাঝে মধ্যে দুর্ঘটনার খবর পাওয়া যায়। করোনা মহামারীর মধ্যেও চলতি বছর চীনে কয়লা উত্তোলন বেড়েছে।
আমাদের কাগজ/এমটি






















