আন্তর্জাতিক ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০১:৪৩

তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পে প্রাণহানি ৫০ হাজার ছাড়ালো

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ চলতি মাসের শুরুর দিকে আঘাত হানা ‘শতাব্দীর ভয়াবহতম’ তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। দুই দেশ মিলিয়ে এখন পর্যন্ত ৫০ হাজার ১৩২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে তুরস্কেই ৪৪ হাজার ২১৮ জন। আর প্রতিবেশী সিরিয়ায় এই সংখ্যা ৫ হাজার ৯১৪। খবর আল জাজিরার।

শুক্রবার তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিভাগ মৃতের সংখ্যা হালনাগাদের এই তথ্য জানিয়েছে। 

গত ৬ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক-সিরিয়ার সীমান্ত অঞ্চলে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প। এর কয়েক ঘণ্টা পরে ফের ৭ দশমিক ৬ মাত্রার ‍ভূকম্পন অনুভূত হয় ওই অঞ্চলে। এতে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয় তুরস্কের দক্ষিণ এবং সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল।

গত কয়েকদিনে তুরস্ক-সিরিয়া কোনো দেশ থেকেই কাউকে জীবিত উদ্ধারের খবর পাওয়া যায়নি। 

এ ঘটনায় নিহতের সংখ্যা এরই মধ্যে ৫০ হাজার ছাড়িয়েছে। গৃহহীন হয়েছেন ২০ লাখেরও বেশি মানুষ।

তুরস্কে উদ্ধারকাজে ২ লাখ ৪০ হাজার লোক সম্পৃক্ত ছিল। অনেক বিদেশি সাহায্যকারী দল ফিরে গেছে নিজ নিজ দেশে। ভূমিকম্পের অনেক দিন পার হয়ে যাওয়ায়, গত কয়েকদিন জীবিত পাওয়া যায়নি কেউকেই।

তুর্কি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ধ্বংসস্তূপ এলাকা থেকে প্রায় ৫ লাখ ৩০ হাজার মানুষকে উদ্ধার করা গেছে। সূত্র: আল জাজিরা

আমাদের কাগজ/এমটি