আন্তর্জাতিক ৪ মার্চ, ২০২৩ ০১:১৭

ক্যানসার আক্রান্ত বাইডেন

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গত মাসে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় ক্যানসার শনাক্ত হয়েছে। হোয়াইট হাউসের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। জানা যায়, তার ত্বকে ক্যানসার শনাক্ত হয়েছে। এরই মধ্যে ক্যানসার আক্রান্ত টিস্যুগুলো সরিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের চিকিৎসক কেভিন ও’কনর। খবর রয়টার্সের।

বাইডেনের চিকিৎসক কেভিন ও’কনর জানিয়েছেন, ক্যানসার আক্রান্ত সব টিস্যু সরিয়ে নেয়া হয়েছে এবং এর জন্য আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই। তবে বাইডেন ত্বক বিশিষজ্ঞদের নিবিড় পর্যবেক্ষণের মধ্য দিয়ে যাবেন। 

৮০ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট গত ফেব্রুয়ারিতে শারীরিক পরীক্ষার মধ্য দিয়ে যান। সে সময় মেডিকেল চেকআপের ফলাফল অনুসরণ করে হোয়াইট হাউস বলেছিল যে, বাইডেন সুস্থ এবং "দায়িত্ব পালনে উপযুক্ত অবস্থায় রয়েছেন। 

স্কিন ক্যানসার ফাউন্ডেশনের তথ্য বলছে, প্রতি বছর ৩৬ লাখ মার্কিন নাগরিকদের দেহে এ ধরনের ক্যানসার শনাক্ত হয়। এটি ধীর গতিতে বাড়ে, নিরাময়যোগ্য এবং প্রাথমিকভাবে চিকিত্সায় বড় ক্ষতি আটকানো সম্ভব। তবে এর কারণে ত্বকের বিকৃতি এবং চিকিৎসা ব্যয়বহুল হতে পারে বলে জানিয়েছে সিডিসি।

বিবিসির খবর অনুসারে, প্রেসিডেন্ট হওয়ার আগেও বাইডেনের শরীর থেকে একাধিক নন-মেলানোমা স্কিন ক্যানসার অপসারণ করা হয়েছিল।

বাইডেনের মতো তার স্ত্রী জিল বাইডেনও ত্বকের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। গত জানুয়ারিতে মার্কিন ফার্স্ট লেডির শরীর থেকে তিনটি ক্ষত অপসারণ করা হয়। এর মধ্যে দুটি নমুনায় বেসাল সেল কারাসিনোমা পাওয়া গিয়েছিল।

যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে ২০২৪ সালে। এতে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার জন্য এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছেন বাইডেন। এ কারণে তার স্বাস্থ্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট জো বাইডেন। এই বয়সে তিনি আবারও দলীয় প্রার্থী হওয়া ঠিক হবে কি না এ নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যেই বিতর্ক চলছে।

আমাদের কাগজ/এমটি