আন্তর্জাতিক ৪ মার্চ, ২০২৩ ০৮:০৭

ভূমিকম্পের উদ্ধারকারী কুকুরদের বিশেষ সম্মান জানাল তুরস্ক

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ সম্প্রতি গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে এলোমেল হয়ে গেছে তুরস্ক ও সিরিয়ার জন- জীবন। ধসে পড়েছে শত শত ভবন। আটকে পড়াদের উদ্ধারে তুরস্কে উদ্ধারকারী পাঠায় পৃথিবীর প্রায় সব দেশ। 

উদ্ধারকারী ছাড়াও বিশেষ প্রশিক্ষিত কুকুর পাঠায় মেক্সিকো, কিরগিজস্তান, চীন, থাইল্যান্ড, হাঙ্গেরি এবং যুক্তরাষ্ট্র।

আটকা পড়া হাজার হাজার মানুষ উদ্ধারে বিশেষ ভূমিকা রেখেছিল প্রশিক্ষিত কুকুরের টিম। 

জানা যায়, তুরস্কে যেসব কুকুর এসেছিল সেগুলোর মধ্যে কয়েকটি ২০১৭ সালে মেক্সিকোর ভয়াবহ ভূমিকম্পের পর উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল।

প্রায় এক মাস উদ্ধারকাজ চালানোর পর নিজ দেশে ফিরে যেতে শুরু করেছে ওই কুকুরগুলো। দুঃসময়ে পাশে দাঁড়ানোয় এবার এসব কুকুরকে বিশেষ সম্মান জানিয়েছে তুরস্কের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা তার্কিস এয়ারলাইন্স।

সংস্থাটি জানিয়েছে, কুকুরগুলোর প্রতি কৃতজ্ঞতা জানাতে তাদের প্রথম শ্রেণি ও বিজনেস ক্লাসে করে নিজ দেশে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে তার্কিস এয়ারলাইন্সের এক কর্মকর্তা শুক্রবার (৪ মার্চ( সাংবাদিকদের বলেছেন, ‘এই বীর কুকুরদের সম্মান জানাতে আমাদের অন্তত এটি করার ছিল।’

উদ্ধার কাজের জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলো নিজেদের ঘ্রাণ শক্তি দিয়ে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের সন্ধান দিতে পারে। 

এদিকে তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা সেই ভূমিকম্পে ৫০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। বর্তমানে ধসে পড়া ভবনগুলো পরিষ্কার ও সেখানে নতুন ভবন নির্মাণের কাজ শুর করেছে তুরস্কের সরকার।

সূত্র: দ্য নিউ আরব

আমাদের কাগজ/এমটি