আন্তর্জাতিক ১১ মার্চ, ২০২৩ ১২:৩০

চীনের মধ্যস্থতায় ইরান-সৌদি আরবের বন্ধুত্ব, খুলছে দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক: বেইজিংয়ে চীনের মধ্যস্থতায় এক বৈঠকে বৈরিতার পথ থেকে সরে এসে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দিয়েছে দীর্ঘদিনের শত্রুভাবাপন্ন দেশ ইরান ও সৌদি আরব। মধ্যপ্রাচ্যের এই দুই মুসলিম দেশ পরস্পর দূতাবাস খোলার সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার (১০ মার্চ) দুই দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থার মাধ্যমে এ খবর নিশ্চিত করা হয়।

ইরানি বার্তা সংস্থা আইআরএনএ জানায়, “বৈঠকের ফলাফল হিসেবে ইরান ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ঘোষণা দিয়েছে এবং দুই মাসের মধ্যে দূতাবাস স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।”

সৌদি প্রেস এজেন্সিও এক বিবৃতিতে একই কথা জানায়। এই সিদ্ধান্তে মধ্যস্থতার জন্য বেইজিংয়ের নেতৃত্বের অকুণ্ঠ প্রশংসা করেছে প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দেশ।

সৌদি প্রেস এজেন্সির বিবৃতিতে বলা হয়, “প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মহৎ উদ্যোগে প্রতিবেশী রাষ্ট্র সৌদি আরব ও ইরানের মধ্যে সুসম্পর্ক স্থাপনে চীনের আহ্বানে সাড়া দিয়ে দুই দেশের প্রতিনিধিরা ৬-১০ মার্চ বেইজিংয়ে বৈঠক করেন।”

এই শান্তি প্রক্রিয়া আয়োজনের জন্য চীনা প্রেসিডেন্টের প্রশংসায় পঞ্চমুখ সৌদি আরব। জিনপিংয়ের এই উদ্যোগকে তারা “আলোচনা ও কূটনীতির মাধ্যমে ইরান-সৌদি আরবের মধ্যে বিবাদ নিরসন” প্রক্রিয়া বলে আখ্যা দিয়েছে।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাদের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারি আলি শামখানি, সৌদি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মুসাদ বিন মোহাম্মেদ আল-আইবান এবং চীনের শীর্ষ কূটনীতিবীদ ওয়াং ই-এর একটি ছবি প্রকাশ করেছে।

 

আমাদের কাগজ/টিআর