আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারে তাঁর জামান পার্কের বাসভবন ঘিরে রেখেছে পুলিশ। তবে ইমরান খানের বাসভবনের সামনে থাকা তাঁর দল পিটিআইয়ের সমর্থকদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
জিও নিউজ ও ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে লাহোরে ইমরান খানের জামান পার্কের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। তোশাখানা মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করতে ভারী সাঁজোয়া যান নিয়ে গেছে পুলিশ।
ইসলামাবাদের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ডনকে বলেন, ইমরান খানকে গ্রেপ্তার করতে চায় পুলিশ। জিও নিউজ জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী পিটিআই প্রধানকে গ্রেপ্তার করতে একদল ইসলামাবাদ পুলিশ লোহোরে এসেছে।
গতকাল সোমবার ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত তোশাখানা মামলায় ইমরান খানের জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যর্পণ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ডিআইজি শাহজাদ বুখারি ইমরান খানের বাসভবন ঘিরে রাখা পুলিশ দলের নেতৃত্ব দিচ্ছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ‘আমরা ওয়ারেন্ট মেনে এসেছি। আমরা এ মামলার বিস্তারিত জানি। কিন্তু এই নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারি না।’
ইমরান খানকে গ্রেপ্তারের পর কোথায় নিয়ে যাওয়া হবে, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে বুখারি বলেন, ‘আগে তাকে গ্রেপ্তার করি, এরপর আমরা মিডিয়াকে জানাব।’
এদিকে, ইমরান খানের বাসার বাইরে তার সমর্থকরাও জড়ো হয়েছেন। তারা পুলিশের গাড়িতে পাথর ছুড়ছেন বলে অভিযোগ। পুলিশও তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।
আমাদেরকাগজ/এইচএম




















