আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতের রাষ্ট্রীয় তেল উৎপাদনকারী সংস্থা কুয়েত অয়েল কোম্পানির পাইপলাইন ছিদ্র হয়ে তেল ছড়িয়ে পড়তে শুরু করেছে। ফলে ঘটনাস্থলের আশপাশের এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় সোমবার দেশটির পশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটে। খবর গাল্ফ টুডে ও আরব নিউজের।
রাষ্ট্রীয় সংস্থাটির মুখপাত্র কুসাই আল-আমের জানিয়েছেন, পাইপলাইন ছিদ্র হওয়ার ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তেল উৎপাদনের কাজেও কোনো ব্যঘাত ঘটেনি।
পাইপলাইন ছিদ্র হয়ে আশপাশের এলাকায় তেল ছড়িয়ে পড়েছে। কুসাই আল-আমের বলেছেন, ঘটনাস্থলে এখনো কোনো বিষাক্ত ধোঁয়ার উপস্থিতি পাওয়া যায়নি।
আল-আমের আরও বলেন, কোথায় এবং কীভাবে এই ছিদ্র হওয়ার ঘটনা ঘটল, সেটি নিয়ে আমাদের লোকজন কাজ করছেন। বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত জরুরি অবস্থা জারি থাকবে।
কুয়েত অয়েল কোম্পানির এ কর্মকর্তা আরও বলেন, ‘একটি স্থল এলাকায় এ ঘটনা ঘটেছে, সমুদ্র নয় আবার আবাসিক এলাকাও নয়।’
দেশটির পশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটেছে বলে উল্লেখ করলেও নির্দিষ্ট করে ঘটনাস্থলের নামটি বলেননি কুসাই আল-আমের।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি অনাবাদি জমিতে পাইপলাইন থেকে তেলে উছলে পড়ছে।
বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে কুয়েত অন্যতম। তবে দেশটিতে পাইপলাইন ছিদ্র হওয়ার ঘটনা নতুন নয়। এর আগে ২০১৬ ও ২০ সালেও কুয়েত তেল কোম্পানি পাইপলাইন ছিদ্র হয়ে তেল ছড়িয়ে পড়ার ঘটানোর কথা জানিয়েছিল। এ ছাড়া ২০১৭ সালের আগস্টে কুয়েতে তেল ছড়িয়ে পড়ার দুটি ঘটনা ঘটে। যার মধ্যে একটি ছিল রাজধানীর উপকূল থেকে দেড় কিলোমিটার দূরে।
গাল্ফ টুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়, উপসাগরীয় দেশটি প্রতিদিন ২৭ লাখ ব্যারেল তেল উৎপাদন করছে। অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজের (ওপেক) অন্যতম সদস্য দেশটির সরকারের ৯০ শতাংশ রাজস্ব আসে এই তেল থেকে।
আমাদের কাগজ/টিআর


















