আন্তর্জাতিক ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ১২:২৪

অল্পের জন্য প্রানে বাচলেন ইমরান!

আন্তর্জাতিক ডেস্ক।।

জাতিসংঘ সাধারন পরিষদের অধিবেশন শেষে নিউইয়র্ক থেকে দেশে ফেরার সময় ভয়াবহ বিমান দুর্ঘটনার কবলে পড়তে চলেছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু পাইলটদের দক্ষতার কারণে অল্পের জন্য বেঁচে যান তিনি। তাকে বহনকারী বিমানটি পরে নিউইয়র্কেই জরুরি অবতরণে বাধ্য হয় বলে জানা গেছে।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিশেষ বিমানে করে জাতিসংঘ সাধারণ পরিষদের অংশ নিতে গত এক সপ্তাহ আগে নিউইয়র্ক গিয়েছিলেন ইমরান খান। অধিবেশন শেষে তিনি ওই বিমানে করেই দেশে ফিরছিলেন। কিন্তু বিমানটি ৭০০ কিলোমিটার অতিক্রম করে কানাডার টরোন্টো সিটির আকাশে যখন উড়ছিল তখনই এতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর বিমানটি পুনরায় নিউইয়র্কে ফিরিয়ে নিয়ে যান পাইলটরা এবং সেখানকার জন এফ কেনেডি বিমনবন্দরে জরুরি অবতরণ করেন।

পরে বিমান থেকে নেমে নিউইয়র্কের একটি প্রাইভেট হোটেলে উঠেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। তার সঙ্গে রয়েছেন পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিসহ একটি প্রতিনিধি দল। শনিবার রাতটা তারা ওই হোটেলেই কাটাবেন বলে জানা গেছে। তবে বিমানটিতে কি ধরনের যান্ত্রিক ক্রুটি দেখা দিয়েছে তা জানায়নি পাক সংবাদ মাধ্যমগুলো।