ডেস্ক রিপোর্ট।।
ফ্রান্সের প্যারিসে, পুলিশ সদর দপ্তরে সহকর্মীর ছুরিকাঘাতেই প্রাণ গেলো ৪ পুলিশ সদস্যের। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও একজন। হামলাকারী একজন আইটি বিশেষজ্ঞ, কাজ করতেন পুলিশের প্রশাসনিক বিভাগে। পরে গুলিতে মৃত্যু হয়েছে তারও।
কর্মঘণ্টা কমানো, সরঞ্জাম ঘাটতি ও পেনশন সংস্কারের দাবিতে, বুধবার সারা ফ্রান্সে ধর্মঘটে যায় পুলিশ। এর পরদিনই, প্যারিসের কেন্দ্রস্থল, নটর ড্যাম ক্যাথেড্রালের কাছে পুলিশ সদরদপ্তরে ছুরি হামলা চালান তাদেরই এক প্রশাসনিক কর্মকর্তা। ১৬ বছরের বেশি সময় ধরে সদর দপ্তরের কাজ করছিলেন তিনি।
আরও পড়ুন: যুবলীগের চেয়ারম্যানের ব্যাংক হিসাব তলব
বৃহস্পতিবার দুপুরে কাজে আসেন হামলাকারী। এসময় অফিসকক্ষে তিন এবং সিঁড়িতে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন আরও একজনকে। এতে সেখানেই প্রাণ হারান তিন পুরুষ ও এক নারী সহকর্মী।
ঘটনার পর পরই নিরাপত্তার প্রশ্নে বন্ধ রাখা হয় প্যারিসের মেট্রো স্টেশন। হামলার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।
চলতি বছর ৫০ জনের বেশি পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন ফ্রান্সে। এর কারণ হিসেবে আশঙ্কাজনকভাবে হামলার পরিমাণ বাড়া ও কাজের বৈরি পরিবেশের কথা বলছেন বিশ্লেষকেরা।




















