আন্তর্জাতিক ডেস্ক: ৪ আগস্ট স্বাধীনতা দিবসকেই শপথের দিন হিসেবে বেছে নিলেন পাকিস্তানের নবনিযুক্ত অন্তর্বর্তী সরকার প্রধান আনোয়ারুল হক কাকার। নিরপেক্ষভাবে ও সময়মতো নির্বাচন আয়োজন করবে নয়া তত্ত্বাবধায়ক সরকার- আশা ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের।
সোমবার (১৪ আগস্ট) বিকালে প্রেসিডেন্টস' হাউজে আনোয়ারুল কাকারকে শপথ পাঠ করাবেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। এর মধ্য দিয়ে পাকিস্তানের অষ্টম ও বেলুচিস্তান প্রদেশ থেকে মনোনীত দ্বিতীয় তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন তিনি।
এদিকে, কাকারের নাম ঘোষণার পরই বিবৃতি দিয়েছে পিটিআই। নয়া তত্ত্বাবধায়ক সরকার প্রধানকে সেনা ঘনিষ্ঠ উল্লেখ করলেও তার কাছে সংবিধান অনুযায়ী তিন মাসের মধ্যে স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে দলটি। একই সাথে আশা প্রকাশ করেছে অন্য দলগুলোর মতো নির্বাচনী প্রচারণায় সমান সুযোগ পাবে পিটিআই।
এর আগে শনিবার বিরোধী নেতা রাজা রিয়াজের সাথে বৈঠক শেষে কাকারকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে ঘোষণা করেন সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ২০১৮ সালে বেলুচিস্তান আওয়ামী পার্টির সিনেটর নির্বাচিত হওয়ার আগে প্রাদেশিক সরকারের মুখপাত্র হিসেবে কাজ করেছেন আনোয়ারুল কাকার। সূত্র: দ্য ডন।
আমাদেরকাগজ/এইচএম




















