আমাদের কাগজ ডেস্ক : এবার নিজ দেশের নৌ বাহিনীকে শক্তি করতে সাবমেরিন উদ্বোধন করে কিম জং উন। ক্ষমতাসীন এই নেতা জানিয়েছেন, নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সাজিয়ে তোলার পথে আরো এক ধাপ আগালো। আজ (শুক্রবার ) নতুন সাবমেরিন উদ্বোধনের খবর প্রকাশ করেছে উত্তর কোরিয়া। গত বুধবার তারা যে সাবমেরিনের উদ্বোধন করেছে, তা পরমাণু অস্ত্র বহন করতে পারে এবং এই সাবমেরিন থেকে তা উৎক্ষেপণও করা সম্ভব।
উদ্বোধনী অনুষ্ঠানে উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন জানিয়েছেন, দেশের নৌ বাহিনী আরো একটু শক্তিশালী হলো। পরমাণু অস্ত্রে সুসজ্জিত হওয়ার পথে তারা আরো এক ধাপ এগিয়ে গেল। দেশের স্থলবাহিনী এবং নৌবাহিনীকে ঢেলে সাজানো হচ্ছে। সকলেই যাতে পরমাণু অস্ত্র প্রয়োজনে ব্যবহার করতে পারে, সেই রাস্তা তৈরি করা হচ্ছে। বৃহস্পতিবার কিম আরো একবার সেবমেরিনটি দেখতে যান। তার উপস্থিতিতে সাবমেরিন থেকে ক্রুজ মিসাইল ছোঁড়ার প্রস্তুতি নেওয়া হয়।
তথ্য মতে, ৮৪১ নম্বরের এই সাবমেরিনটির নামকরণ করা হয়েছে কোরিয়ার ঐতিহাসিক ব্যক্তিত্ব কিম কুন ওকের নামে। সমুদ্রের তলার যুদ্ধে এই সাবমেরিন অত্যন্ত আধুনিক বলে কিম জানিয়েছেন। এই সাবমেরিন পরমাণু অস্ত্র বহন করতে পারে এবং প্রয়োজনে ছুঁড়তে পারে। দূরপাল্লার ব্যালেস্টিক মিসাইল, অল্প দূরত্বের ব্যালেস্টিক মিসাইল, এমনকি ক্রুজ মিসাইলও এখান থেকে ছোঁড়া সম্ভব।

আপাতত উত্তর কোরিয়া থেকে জাপানের মধ্যবর্তী এলাকায় এই সাবমেরিনটি নৌবাহিনীর পেট্রোলিংয়ে অংশ নেবে।




















