ডেস্ক রিপোর্ট ।।
নিজের এক সহকর্মীকে ধর্ষণের ঘটনায় নেপালের সাবেক স্পিকার কৃষ্ণ বাহাদুর মাহারাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। কাঠমান্ডুর একটি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তাকে আটক করে পুলিশ। এর আগে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে গত মঙ্গলবার পদত্যাগ করেন কৃষ্ণ বাহাদুর।
সাবেক মাওবাদী বিদ্রোহী নেতা কৃষ্ণ বাহাদুর তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তার বিরুদ্ধে অভিযোগকারী নারী জানান, তাকে মদ্যপ অবস্থায় ধর্ষণ করেছেন কৃষ্ণ বাহাদুর। ওই নারী বলেন, কৃষ্ণ বাহাদুর তার বাসায় মদ্যপ অবস্থায় পৌঁছান।
স্থানীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে অভিযোগকারী নারী বলেন, আমি কখনও ভাবিনি এমনটা ঘটবে। সে আমার সঙ্গে জোর করে এমনটা করেছে...আমি পুলিশে খবর দেবো, এমন হুমকি দেয়ার পরই সে চলে যায়।
নেপালে গৃহযুদ্ধ অবসান সরকার ও মাওবাদীদের মধ্যে আলোচনায় মাওবাদীদের পক্ষে প্রধান মধ্যস্থতাকারী ছিলেন কৃষ্ণ বাহাদুর। ওই আলোচনা সফল হওয়ার পর ২০০৬ সালে এক দশকের গৃহযুদ্ধের অবসান হয় নেপালে।
পরে ২০১৭ সালের নির্বাচনে বিদ্রোহী ও মডারেট কমিউনিস্টদের জোট জয়ী হলে স্পিকার নির্বাচিত হন কৃষ্ণ বাহাদুর।



















