আন্তর্জাতিক ৯ অক্টোবর, ২০১৯ ০৫:১৭

ফ্রান্সের রাফাল বিমানের প্রথম চালান গ্রহণ করলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক।।

ফ্রান্স থেকে অর্ডার দেওয়া ৩৬টি মাল্টিরোল রাফাল যুদ্ধবিমানের মধ্যে প্রথম চালান গ্রহণ করেছে ভারত। মঙ্গলবার ফ্রান্সের মেরিগনাকে নির্মাতা প্রতিষ্ঠান দাসাউল্ট অ্যাভিয়েশন ফ্যাসিলিটিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে ভারতীয় বিমান বাহিনীর কাছে প্রথম চালানের চারটি বিমান হস্তান্তর করেন ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলি। আগামী বছরের মে মাসে এগুলো ভারতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। বিমান গ্রহণের পর ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই যুদ্ধবিমানের সাহায্যে আকাশে দিল্লির প্রভাব আরও বাড়বে।
 

বিমান গ্রহণের আগে প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রোর সঙ্গে বৈঠক করেন রাজনাথ সিং। এসময় তিনি বলেন, তার সফরের লক্ষ্য হলো ভারত ও ফ্রান্সের মধ্যকার কৌশলগত সহায়তা সম্প্রসারণ।

২০১৬ সালের সেপ্টেম্বরে ৫৯ হাজার কোটি রুপিতে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনতে ফ্রান্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ভারত। ২০২০ সালের মে মাসে প্রথম চালানের বিমানগুলো ভারতে পৌঁছাবে।  ২০২২ সালের সেপ্টেম্বরের মধ্যে বাকি বিমানগুলোও ভারতে পৌঁছাবে। এসব বিমানের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণসহ পাইলট প্রশিক্ষণের ব্যবস্থা চূড়ান্ত করেছে ভারতীয় বিমান বাহিনী।

দুই ইঞ্জিন বিশিষ্ট ফাইটার বিমান রাফাল এয়ারক্রাফট ক্যারিয়ার ও তীরের ঘাঁটি হিসেবেও ব্যবহার করা যায়। নির্মাতা বলছেন এই বিমানটি আকাশ প্রতিরক্ষা ও আকাশে টেক্কা দিতে সব ধরণের অভিযান চালাতে সক্ষম।