আন্তর্জাতিক ১০ অক্টোবর, ২০১৯ ০৭:২৬

সিরিয়ার একেবারে অভ্যন্তরে তুর্কি যুদ্ধবিমান!

ডেস্ক রিপোর্ট।।

সিরিয়ার ৩০ কিলোমিটার ভেতরে ঢুকে কুর্দিদের লক্ষ্য করে ব্যাপক হামলা চালাচ্ছে তুর্কি যুদ্ধবিমান। ‘অপারেশন পিস স্প্রিং’- এর অংশ হিসেবে পিকেকে'কে নির্মূল করতে এই হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে তুর্কি গণমাধ্যম আনাদুলো এজেন্সি।

আনাদুলো এজেন্সির বরাত দিয়ে মধ্যপ্রাচ্যের গণমাধ্যম পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান মিডেল-ইস্ট মনিটর এক প্রতিবেদনে জানায়, সিরিয়ার উত্তরাঞ্চলে ইউফ্রেটিস নদীর পূর্বাঞ্চলে ৩০ কিলোমিটার পর্যন্ত ভেতরে ঢুকেছে তুরস্কের যুদ্ধবিমান। 

সিরিয়ার উত্তরাঞ্চল সন্ত্রাসমুক্ত করতে অপারেশন পিস স্প্রিং শুরু করেছে তুরস্ক। তুরস্ক বলছে, কুর্দিরা সিরিয়ার ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। তাদের না সরালে সিরিয়া ভূখণ্ড হুমকির মুখে পড়বে। এছাড়াও সিরিয়ার অভ্যন্তরেই শরণার্থীদের জন্য একটি নিরাপদ অঞ্চল গড়ে তোলাও এরদোগানের উদ্দেশ্য বলে অনেক রাজনীতি বিশ্লেষকই মত দিয়েছেন।

প্রসঙ্গত, আইএসের বিরুদ্ধে যুদ্ধের জন্য কুর্দিদের দীর্ঘদিন ধরে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। যদিও তুরস্কের অভিযান শুরু হওয়ার আগ মুহূর্তে নিজেদের সৈন্যদের সরিয়ে নিয়েছে তারা। এই অবস্থায় কুর্দিরা বলছে, যুক্তরাষ্ট্র এতদিন তাদের ব্যবহার করলেও বিপদের মুহূর্তে ফেলে চলে গেছে।