আন্তর্জাতিক ডেস্ক।।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে তুষার ছাওয়া মাউন্ট পিকতুর পার্বত্য এলাকায় একটা সাদা ঘোড়া পিঠে চড়ে দাবড়ে বেড়াতে দেখা গেছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে যে মানুষটি যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের সঙ্গে একাই টক্কর দিচ্ছেন, তাঁর এমন ঘোড়া ছোটানোর বিষয়টি বেশ কৌতূহল সৃষ্টি করেছে।
পারমাণবিক নিরস্ত্রীকরণ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জং-উনের বৈঠক ছিল গত বছরের অন্যতম আলোচিত ঘটনা। যদিও গত বছরের জুন মাসে সিঙ্গাপুরে দুই নেতার প্রথম ওই বৈঠক কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়। এর ধারাবাহিকতায় এ বছরের ফেব্রুয়ারিতে ভিয়েতনামে তাঁদের দ্বিতীয় বৈঠক থেকেও সফলতা আসেনি। তবে ওই বৈঠকে যোগ দিতে উড়োজাহাজ ছেড়ে ট্রেনে ভিয়েতনাম যাত্রাও কম আলোচনার খোরাক জোগায়নি।
সবশেষ গত আগস্টের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ায় ক্ষুব্ধ উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় তাঁর মেজাজের ধারই পাওয়া গেছে। এই মেজাজি উনকে দেখা গেল একেবারেই ভিন্নভাবে।




















