ডেস্ক রিপোর্ট।।
আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদের বয়স এখন ৯৪। বিশ্বের সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপ্রধান তিনি। তবে এই বয়সেও মাহাথির অক্লান্ত পরিশ্রম করেন। এখনো প্রতিদিন গড়ে ১৮ ঘণ্টা কাজ করেন বলে সম্প্রতি দেওয়া এক সাক্ষাতকারে জানিয়েছেন তিনি৷ জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ‘ডয়চে ভেলের’ এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি ‘ইউএস কাউন্সিল অন ফরেন রিলেশন্স’ এর একটি অনুষ্ঠানে দেওয়া ওই সাক্ষাতকারে মাহাথির মোহাম্মদ বলেন, আমি আগামী নির্বাচনের আগেই পদত্যাগ করব। কারণ অন্য প্রার্থীর জন্য রাস্তা তৈরির অঙ্গীকার করেছি আমি। এ কারণে আমার হাতে খুব বেশি সময় নেই। খুব বেশি হলেও হয়তো সর্বোচ্চ তিন বছর সময় আছে। আমি সে সময়টাকে কোনোভাবেই নষ্ট করতে চাই না। তাই আমি এখন দিনে ১৮ ঘণ্টা করে কাজ করছি৷
১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির মোহাম্মদ। গত বছরের মে মাসে অনুষ্ঠিত নির্বাচনের আগে চার দলের সমন্বয়ে গঠিত ‘পাকাতান হারাপান’ জোটের প্রধান নির্বাচিত হন তিনি। এই জোটের অন্য আরেকটি দল ছিল আনোয়ার ইব্রাহিমের ‘পার্টি কেয়াদিলান রাকায়াত’৷




















