আন্তর্জাতিক ডেস্ক।।
সিরিয়ায় তুরস্কের কুর্দিবিরোধী অভিযান শুরুর পর তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে খারাপ পরিস্থিতিতে আছে। ন্যাটোভুক্ত এ দুই দেশের মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে, তুরস্কের একটি বিমান ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের ৫০টি বি-সিক্সটি ওয়ান পারমাণবিক বোমার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অস্ত্র বিশ্লেষকরা। মার্কিন-তুর্কি সম্পর্ক আরো খারাপ হলে, তুরস্ক ওই বোমাগুলো যুক্তরাষ্ট্রকে ফেরত না-ও দিতে পারে বলে মনে করছেন অনেকে।
গত ৯ অক্টোবর সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিবিরোধী অভিযান শুরু করে তুরস্কের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সবুজ সংকেত নিয়েই এ-তৎপরতা শুরু করা হলেও আঙ্কারার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এরপরই সামরিক জোট ন্যাটোর দুই সদস্য যুক্তরাষ্ট্র এবং তুরস্কের সম্পর্কে ব্যাপক টানাপড়েন শুরু হয়। এর ধারাবাহিকতায় সামনে উঠে আসে সিরীয় সীমান্তের ১৫০ মাইল দূরের শহর আডানার ইনসারলিক বিমান ঘাঁটিতে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমার বিষয়টি। এখানে রয়েছে ৫০টি B-61 পারমাণবিক বোমা। ৬০ বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত রাশিয়ার সঙ্গে স্নায়ু যুদ্ধের কালে যুক্তরাষ্ট্র শক্তিশালী এই বোমাগুলো সেখানে মোতায়েন করে বলে ধারণা করা হয়।
অস্ত্র বিশেষজ্ঞ হেনস ক্রিসটেনসেন বলেন, ঘাঁটিটির সামরিক অবকাঠামো ও অস্ত্রবল যথেষ্ট হলেও অন্যের হামলা থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় জনবলের যথেষ্ট ঘাটতি আছে সেখানে। আমি মনে করি সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেক আগেই চিন্তা করা উচিত ছিল।




















