আন্তর্জাতিক ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০৯:২৫

ভারতের ঘটনা

লোকাল ট্রেনে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার তরুণী

আন্তর্জাতিক ডেস্ক
ফের নারীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন। অফিস শেষে বাড়ি ফেরার পথে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছেন এক তরুণী।

বুধবার সন্ধ্যায় ভারতের কলকাতায় অফিস থেকে বের হয়ে বিধাননগর স্টেশন থেকে শান্তিপুর লোকাল ট্রেনে উঠেছিলেন ওই তরুণী।

ট্রেন থেকে নামার সময় তরুণীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ উঠেছে এক পুলিশকর্মীর বিরুদ্ধে। স্টেশনে নেমে রীতিমতো চিৎকার করতে থাকেন ওই তরুণী। পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। 

অভিযুক্ত দীর্ঘদিন নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানায় কর্মরত ছিলেন বলে জানা গেছে। 

এদিন সল্টলেকের অফিস থেকে বের হয়ে বিধাননগর থেকে ট্রেন ধরেন তরুণী। ট্রেনে দমদম যাওয়ার জন্য আপ শান্তিপুর লোকালে ওঠেন তিনি। 

অভিযোগ, দমদমে নামার সময় ভিড়ের সুযোগ নিয়ে তরুণীর শ্লীলতাহানি করেন অভিযুক্ত পুলিশকর্মী। দমদম জিআরপি থানায় অভিযোগ দায়ের করেছেন তরুণী।

অভিযোগপত্রে তরুণী জানিয়েছেন, আপত্তি জানালেও অভিযুক্ত বিরত থাকেননি। দমদমে নেমে চিৎকার করতে থাকেন তরুণী। তরুণীর কাছে ঘটনার কথা জানতে পেরে সহযাত্রীরা অভিযুক্তকে ধরে জিআরপি’তে নিয়ে যান।