আন্তর্জাতিক ৫ আগস্ট, ২০১৯ ১২:১৬

আরো একটি তেলবাহী জাহাজ আটক করেছে আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক।।

পারস্য উপসাগর থেকে আরো একটি তেলবাহী জাহাজ আটক করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌসদস্যরা। ইরান অভিযোগ করেছে যে, জাহাজটি কয়েকটি আরব দেশের জন্য তেল চোরাচালানের কাজে জড়িত।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কমান্ডার রমেজান জিরাহি রোববার(৪ আগস্ট) জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার বাহিনীর টহল দল গত বুধবার রাতে পারস্য উপসাগরের ফার্সি দ্বীপের কাছ থেকে তেলবাহী জাহাজটি আটক করে।  

কমান্ডার জিরাহি জানান, “বিদেশি জাহাজটি অন্য কয়েকটি জাহাজ থেকে তেল নিয়ে তা পারস্য উপসাগরীয় কয়েকটি আরব দেশে চালান করছিল।” যদিও  তিনি কোনো আরব দেশের নাম উল্লেখ করেন নি। কমান্ডার জিরাহি জানান, আটক জাহাজ থেকে সাত লাখ লিটার তেল ও বিভিন্ন দেশের সাতজন নাবিককে আটক করা হয়েছে- তথ্যসূত্রঃ প্রেসটিভি।

এর আগে গত ১৪ জুলাই আইআরজিসি পারস্য উপসাগরের লারাক দ্বীপ থেকে আরেকটি তেল চোরাচালানকারী জাহাজ আটক করেছিল। এছাড়া, ১৯ জুলাই ব্রিটেনের একটি তেলবাহী ট্যাংকার আটক করেছে।