আন্তর্জাতিক ২৬ অক্টোবর, ২০১৯ ০৮:৫৪

সিরিয়ায় কুর্দিদের অঙ্গচ্ছেদ করছে তুর্কি সমর্থিত বাহিনী!

আন্তর্জাতিক ডেস্ক।।

সিরিয়ায় সামরিক অভিযানে তুরস্ক সমর্থিত সিরিয়ান মিলিশিয়াদের দ্বারা যুদ্ধাপরাধ তদন্তের দাবি জোরালো হচ্ছে। তুর্কি সমর্থিত যোদ্ধাদের দ্বারা বন্দিদের নির্যাতন ও মরদেহের অঙ্গচ্ছেদের কয়েকটি ভিডিও প্রকাশের পর এই অভিযোগ সামনে আসছে। 

সিরিয়ার উত্তরাঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পর পরই তুরস্কের বাহিনী সামরিক অভিযান শুরু করে। এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অস্ত্রবিরতিতে সম্মত হয় আঙ্কারা। পরে রাশিয়ার সঙ্গে আরেকটি চুক্তির মধ্যদিয়ে সেখানে অস্ত্রবিরতির মেয়াদ বাড়ানো হয়। 

খবরে বলা হয়েছে, নির্দিষ্ট মেয়াদের যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও সিরিয়ার উত্তরাঞ্চলীয় কুর্দি অধ্যুষিত এলাকায় আরব সেনাদের বর্বরতা চালানোর ভিডিও ফুটেজ পাওয়া গেছে। এতে করে নতুন করে জাতিগত বিভাজন ও সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে।

তুর্কি সমর্থিত একটি গ্রুপে এই সপ্তাহের শুরুতে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, এক কুর্দি যোদ্ধাকে বন্দি করার পর গলা চেপে ধরা হয়েছে। তাকে বন্দিকারী শিরশ্ছেদের হুমকি দিচ্ছে। আরেকটি ভিডিওতে দেখা গেছে, কুর্দি যোদ্ধাদের মরদেহ একটি ছুরি দিয়ে কাটা হচ্ছে।

কুর্দি কর্মকর্তা ও সিরিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জেমস জেফ্রি এই ভিডিওগুলোর নিন্দা জানিয়েছেন। তারা এই ঘটনাকে সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছেন। যদিও কুর্দিরা এসব ভিডিওকে জাতিগত নিধনযজ্ঞের প্রমাণ হিসেবে দাবি করছে।

তুরস্কের সপ্তাহব্যাপী অভিযানের মুখে সীমান্ত থেকে প্রায় ১ লাখ ৭০ হাজার কুর্দি পালিয়েছেন।

 

সূত্রঃ দ্য গার্ডিয়ান।