আন্তর্জাতিক ১২ মে, ২০২৬ ০৭:১০

ইসরায়েলের বিমান হামলায় লেবাননে দুই বাংলাদেশির মৃত্যু

আন্তজার্তিক ডেস্ক ইসরায়েলের বিমান হামলায় দুই বাংলাদেশি কর্মী লেবাননে নিহত হয়েছেন। সোমবার (১১ মে) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে এই হামলার ঘটনা ঘটে। লেবাননের বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। দূতাবাস সূত্রে জানা যায়, নিহত দুই প্রবাসী কর্মী হলেন— শফিকুল ইসলাম এবং মো. নাহিদুল ইসলাম। তাদের বাড়ি সাতক্ষীরা জেলায়। দূতাবাসে কথা বলে জানা গেছে, দুই জনই লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ের যেব্দীন এলাকায় নিজের বাসায় অবস্থান করছিলেন। দুপুর ১২টার দিকে ইসরায়েলের আকস্মিক বিমান হামলায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। বর্তমানে তাদের মরদেহ নাবাতিয়ের নাবিহ বেররী হাসপাতালে রাখা হয়েছে। তাদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে দূতাবাস। এই নিয়ে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যে ১০ জন বাংলাদেশি মারা গেছেন। এর আগে গত ৮ এপ্রিল বৈরুতের একটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি নারী কর্মী দিপালী বেগম গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় রফিক হারিরি হাসপাতালে তার মৃত্যু হয়। গত ৮ মে তার মরদেহ দেশে এসে পৌঁছায়।