আন্তর্জাতিক ২ নভেম্বর, ২০১৯ ০৮:৪১

এবার দিল্লির দূষণ নিয়ে উদ্বেগ জার্মান চ্যান্সেলর ম্যার্কেলের

আন্তর্জাতিক ডেস্ক।।

এবার ভারতের রাজধানী দিল্লির দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। শনিবার(২ অক্টোবর) দিল্লিতে ইন্দো জার্মান চেম্বার অব কমার্সের এক অনুষ্ঠানে তিনি এ উদ্বেগের কথা জানান। পরামর্শ দেন দূষণ কমানোর উপায় নিয়েও। 
 
দূষণ কমাতে ডিজেল চালিত যানবাহনের বদলে শহরাঞ্চলে ইলেকট্রিক বাস চালানোর পরামর্শ দেন ম্যার্কেল। ইন্দো জার্মান চেম্বারের অনুষ্ঠানের সাইডলাইনে সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেন, তামিলনাড়ুতেও আমরা ২০০ মিলিয়ন ইউরো বিনিয়োগ করেছি সেখানকার বাস সেক্টরের সংস্কারের জন্য। শুক্রবার দিল্লির দূষণ যারা লক্ষ্য করেছেন, তারা এখানে ডিজেল বাসের পরিবর্তে ইলেকট্রিক বাস চা‌লানোর ব্যাপারে দাবি জানাতে পারেন।

ম্যার্কেল বলেন, নতুন জার্মান-ভারত অংশীদারিত্বের অংশ হিসেবে জার্মানি ইলেকট্রিক বাসের মতো পরিবেশবান্ধব প্রকল্পে আগামী পাঁচ বছরে এক বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে।

দিল্লির বায়ু দূষণ এমন পর্যায়ে পৌঁছেছে যে, সরকারিভাবে জনস্বাস্থ্যজনিত আপদকালীন পরিস্থিতি ঘোষণা করা হয়েছে।


সূত্রঃ এনডিটিভি