আন্তর্জাতিক ৩ নভেম্বর, ২০১৯ ০৬:১৩

রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে জাতিসংঘ মহাসচিবের জোরালো আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক ।।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা শরনার্থীদের মানবিক মর্যাদা সমুন্নত রেখে তাদের নিজ দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। 

নিউইয়র্কে শনিবার (২ নভেম্বর) এক বক্তৃতায় গুতেরেস বলেন, রোহিঙ্গা মুসলমানরা বর্তমানে বিশ্বের সবচেয়ে নাজুক জনগোষ্ঠীতে পরিণত হয়েছে। 

সম্মান, মর্যাদা ও নিরাপত্তা বজায় রেখে রোহিঙ্গাদের তাদের নিজ বাসভূমিতে ফিরে যাওয়ার সুযোগ করে দেয়ার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান তিনি। 

জাতিসংঘ মহাসচিব এমন সময় এ আহ্বান জানালেন, যখন রোহিঙ্গা শরণার্থীদের দেশে ফিরে যাওয়ার ব্যাপারে মিয়ানমারের মিথ্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ। 

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন একজন রোহিঙ্গা শরণার্থীরও স্বদেশ প্রত্যাবর্তনের প্রমাণ দেখানোর জন্য মিয়ানমার সরকারকে চ্যালেঞ্জ জানিয়েছেন। 

তিনি বলেন, ঢাকায় মিয়ানমার দূতাবাস থেকে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঘোষণা করা হয়েছে, প্রায় ৪০০ রোহিঙ্গা শরণার্থী স্বেচ্ছায় রাখাইন প্রদেশে ফিরে গেছেন। কিন্তু তার প্রমাণ কোথায়? 

বিদেশি সাংবাদিকদের নিয়ে গিয়ে দেখাতে পারবেন তারা? মিথ্যাচার ছেড়ে মিয়ানমার সরকারের উচিত রোহিঙ্গা শরণার্থীদের ঘরে ফেরানোর বিষয়টিকে গুরুত্ব দেয়া।