আন্তর্জাতিক ৬ আগস্ট, ২০১৯ ১১:১৬

কাশ্মীর ইস্যুতে যা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় 

আন্তর্জাতিক ডেস্ক ।। 

কাশ্মীর ইস্যুতে অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই কাশ্মীর থেকে আর্টিকল ৩৭০ তুলে নেওয়ার প্রস্তাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর মঙ্গলবার এই বিষয়ে মুখ খোলেন তিনি।

এদিন একদিকে যখন এই ইস্যুতে লোকসভা উত্তাল হয়ে উঠেছে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, তিনি এই বিল সমর্থন করছেন না। এই বিল আনার আগে সবার সঙ্গে কথা বলা উচিৎ ছিল বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর দাবি, এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার আগে সব দলকে বিষয়টা জানানো দরকার ছিল। কাশ্মীরিদের সঙ্গেও কথা বলা প্রয়োজন ছিল বলে মনে করেন তিনি।

তৃণমূলনেত্রীর মতে কোনও বড় সিদ্ধান্তে পৌঁছনোর আগে সব স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলা উচিৎ। তাই তাঁরা এই বিলে সমর্থন করছেন না এবং ভোটাভুটিতেও অংশ নেবেন না বলে জানিয়েছেন।

ওমর আব্দুল্লা ও মেহবুবা মুফতির গ্রেফতারি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। তিনি কেন্দ্রের কাছে দাবি জানিয়েছেন, যাতে দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দ্রুত মুক্তি দেওয়া হয়। তিনি বলেছেন, ‘ওরা সন্ত্রাসবাদী নয়। গনতন্ত্রের স্বার্থে ওদের দ্রুত ছেড়ে দেওয়া উচিৎ।’

এদিকে লোকসভা থেকে ওয়াক আউট করে গিয়েছে তৃণমূল। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘যদি আমরা ভোটাভুটির অংশ হই, সে ভোট পক্ষেই দিই বা বিপক্ষে, আমরা এই প্রক্রিয়ার অংশ হয়ে যাব। তাই আমরা ওয়াক আউট করছি।’