আন্তর্জাতিক ৬ নভেম্বর, ২০১৯ ১২:০২

ইরানের বার্তা সৌদিকে পৌঁছে দিলো কুয়েত

কুয়েতের উপ-পররাষ্ট্রমন্ত্রী খালিদ জারাল্লাহ

কুয়েতের উপ-পররাষ্ট্রমন্ত্রী খালিদ জারাল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক।।

পারস্য উপসাগরীয় অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা বিষয়ক ইরানি বার্তা সৌদি আরব ও বাহরাইনকে পৌঁছে দিয়েছে কুয়েত। এমন খবর নিশ্চিত করেছে কুয়েতের উপ-পররাষ্ট্রমন্ত্রী খালিদ জারাল্লাহ।

তিনি বলেছেন, বার্তা পৌঁছানো হলেও এখন পর্যন্ত জবাব আসেনি। এর আগে কুয়েতের দৈনিক আল-জারিদা জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি কুয়েতের মাধ্যমে সৌদি আরব ও বাহরাইনের কাছে দু'টি চিঠি পাঠিয়েছেন।

ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি চিঠি পাঠানোর সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট রুহানির চিঠিগুলোর মূল বিষয়বস্তু হচ্ছে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা। মার্কিন চাপের কারণে প্রতিবেশী দেশগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি হোক তেহরান তা চায় না।

গত ২৫ সেপ্টেম্বর প্রেসিডেন্ট ড. হাসান রুহানি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে পারস্য উপসাগরীয় অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে প্রস্তাব উত্থাপন করেছেন।