ডেস্ক রিপোর্ট।।
ভারতের আলোচিত বাবরি মসজিদ মামলার রায় আজ ৯ নভেম্বর, শনিবার ঘোষণা করা হবে। এ নিয়ে দেশটির উত্তর প্রদেশের অযোধ্যা রাজ্যে থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এর পাশাপাশি জারি করা হয়েছে ১৪৪ ধারা।
২০১০ সালে বাবরি মসজিদের ভূমি ৩ ভাগে বণ্টনের নির্দেশ দেন এলাহাবাদ হাইকোর্ট। সে রায়কে চ্যালেঞ্জ করে আপিল করে হিন্দু-মুসলিম উভয় পক্ষ। সম্প্রতি ঐ মামলার শুনানি শেষে ৯ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করা হয়।
মামলাটির রায় ঘোষণা করবেন দেশটির প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, যিনি আগামী ১৭ নভেম্বর অবসরে যাচ্ছেন। এদিকে প্রধান বিচারপতিসহ অযোধ্যা বেঞ্চের পাঁচ বিচারপতির জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
আলোচিত এ মামলার রায় ঘিরে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সব রাজ্যকে সতর্ক থাকতে বলা হয়েছে। আর সেই সাথে এ রায় নিয়ে উস্কানিমূলক মন্তব্য থেকে বিরত থাকতে বিজেপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রাজ্য প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অযোধ্যায় আধা সামরিক বাহিনীর ৪ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে প্রতিবেশী উত্তরাখণ্ড, দিল্লি, মধ্যপ্রদেশ ও জম্মুর স্কুল-কলেজ।
১৯৯২ সালে কট্টরপন্থি হিন্দুরা গুড়িয়ে দেয় ১৬শ শতকে নির্মিত ঐতিহাসিক বাবরি মসজিদ। এর প্রেক্ষিতে হিন্দু-মুসলিম দাঙ্গায় অন্তত ২০০০ লোকের প্রাণ যায়।



















