আন্তর্জাতিক ১১ নভেম্বর, ২০১৯ ১০:৩২

ভারতে যাত্রীবাহী দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক ।। 

ভারতের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হায়দরাবাদে যাত্রীবাহী দুটি ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত এক যাত্রীর প্রাণহানিসহ আরও কমপক্ষে ৩০ জন গুরুতর আহত হয়েছে। যাদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। উদ্ধার কর্মকর্তাদের আশঙ্কা, প্রকৃত হতাহতের সংখ্যা এখনই নিশ্চিত করা না গেলেও সামনে এই সংখ্যা আরও বাড়তে পারে।

কর্তৃপক্ষের বরাতে গণমাধ্যম ‘এনডিটিভি’ জানায়, সোমবার (১১ নভেম্বর) সকালে হায়দরাবাদের কাচিগুদা রেলস্টেশনে যাত্রীবাহী দুই ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষটি ঘটে।

দুর্ঘটনার পরপরই উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের অভিযান শুরু করেন। বর্তমানে ক্ষতিগ্রস্ত ট্রেন দুটির দুমড়ে-মুচড়ে যাওয়ার বগির ভেতর থেকে আটকা পড়া চালকদের উদ্ধারের চেষ্টা চলছে।

রেল কর্তৃপক্ষের মতে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পূর্বে দুটি ট্রেন একই লাইনে চললেও তাদের কাছে কোনো ধরনের সংকেত কিংবা সতর্ক বার্তা পাঠানো হয়নি।

দুর্ঘটনাগ্রস্ত ট্রেন দুটির একটি হায়দরাবাদ মাল্টি-মডাল ট্রান্সপোর্ট সিস্টেমের আর অপরটি হান্ড্রি এক্সপ্রেস। দ্বিতীয় ট্রেনটি সেকুনদারাবাদ সিটি রেলস্টেশন থেকে অন্ধ্রপ্রদেশের কার্নুল রুটে চলাচল করে।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন